Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালের জুন থেকে নভেম্বর মাত্র ছ’মাসের মধ্যেই যাত্রীসংখ্যার নিরিখে অভূতপূর্ব সাফল্য পেল কাশ্মীর বন্দে ভারত এক্সপ্রেস (Kashmir Vande Bharat)। বিনোদন জগতের ভাষায় যাকে বলা হয় ‘সুপার–ডুপার হিট’, ঠিক তেমনই সাড়া মিলেছে এই প্রিমিয়াম ট্রেন পরিষেবায়। ভারতীয় রেলের পরিসংখ্যান অনুযায়ী, এই সময়কালে প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার যাত্রী বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে ঐতিহাসিক চেনাব ব্রিজ পার করেছেন যা জম্মু রেল ডিভিশনের কাছে এক উল্লেখযোগ্য মাইলফলক।

স্বপ্নের রেলপথের বাস্তবায়ন (Kashmir Vande Bharat)
উধমপুর–শ্রীনগর–বারামুলা রেল লিঙ্ক বা ইউএসবিআরএল প্রকল্প বহুদিনের প্রতীক্ষিত এক অবকাঠামোগত স্বপ্ন। কাশ্মীর উপত্যকাকে সারা বছরের জন্য দেশের মূল ভূখণ্ডের সঙ্গে রেলপথে যুক্ত রাখার লক্ষ্যেই এই প্রকল্প রূপ পেয়েছে। এই ঐতিহাসিক প্রকল্পের উদ্বোধনের পরই, গত ৬ জুন ২০২৫ থেকে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা ও শ্রীনগরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা শুরু হয়। প্রাকৃতিক প্রতিকূলতা, পাহাড়ি ভূপ্রকৃতি ও আবহাওয়ার চ্যালেঞ্জ সত্ত্বেও এই রেল লিঙ্ক কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।
যাত্রী পরিষেবায় রেকর্ড সাড়া (Kashmir Vande Bharat)
জম্মু রেল ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার উচিত সিঙ্ঘল জানিয়েছেন, কাটরা ও শ্রীনগরের মধ্যে বর্তমানে দু’জোড়া বন্দে ভারত এক্সপ্রেস চলছে। এই ট্রেনগুলিতেই এখনও পর্যন্ত প্রায় ৩.৭৫ লক্ষ যাত্রী টিকিট কেটেছেন। তাঁর মতে, যাত্রী পরিষেবা, পণ্য পরিবহণ এবং রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে জম্মু ডিভিশন ক্রমশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রেলযাত্রার সঙ্গে ইতিহাসের ছোঁয়া (Kashmir Vande Bharat)
এই রেলপথের অন্যতম আকর্ষণ বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব ব্রিজ। শুধু ইঞ্জিনিয়ারিং কৃতিত্ব নয়, এই ব্রিজ এখন পর্যটন ও শিক্ষার কেন্দ্রবিন্দুতেও পরিণত হতে চলেছে। রেল কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, আগামী দিনে চেনাব ব্রিজে শিক্ষামূলক সফরের ব্যবস্থা চালু করা হবে, যাতে ছাত্রছাত্রী ও পর্যটকেরা এই বিস্ময়কর নির্মাণকৌশল কাছ থেকে দেখতে পারেন।
নতুন ডিভিশন, নতুন পরিকল্পনা (Kashmir Vande Bharat)
২০২৫ সালের জানুয়ারিতে জম্মু রেল ডিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও, ১ জুন থেকে ডিভিশনটি পূর্ণমাত্রায় কাজ শুরু করেছে। ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে, বৈজনাথ পাপরোলা স্টেশনকে ‘অমৃত ভারত স্কিম’-এর আওতায় আধুনিকীকরণ, রিয়াসি স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাবিরতির ব্যবস্থা, ধর্মীয় ও পর্যটনমূলক রেল যোগাযোগ আরও বিস্তৃত করা, এই পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে জম্মু ও কাশ্মীরের রেল মানচিত্র আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন রেলকর্তারা।
আরও পড়ুন: Earthquake: ভোররাতে কেঁপে উঠল দক্ষিণ ফিলিপিন্স
কাটরা–অমৃতসর বন্দে ভারত
ধর্মীয় পর্যটনকে আরও উৎসাহ দিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কাটরা ও অমৃতসরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালুর প্রস্তাবে। বৈষ্ণোদেবী ও স্বর্ণমন্দির দুটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রকে দ্রুত ও আরামদায়ক রেল পরিষেবায় যুক্ত করা হলে পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে তার সুদূরপ্রসারী প্রভাব পড়বে।



