Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় বাসে উঠলেই কি এবার গুনতে হবে ১৮ টাকা? বেসরকারি বাসের ন্যূনতম ভাড়া ৭ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা করার দাবি ঘিরে ফের সরগরম রাজ্যের পরিবহণ মহল (Kolkata Bus)। শুধু কলকাতা নয়, জেলা, এক্সপ্রেস, এসি এবং ভলভো বাসের ভাড়াও নতুন করে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বাস মালিকদের সংগঠন। পুজোর পরেই পরিবহণমন্ত্রী অর্জুন সিংহের কাছে এই প্রস্তাব জমা দেওয়া হয়েছে।
২০১৮-র পর ভাড়া বাড়েনি, দাবি মালিকদের (Kolkata Bus)
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের দাবি, ২০১৮ সালের পর সরকারি ভাবে বেসরকারি বাসের ভাড়া বাড়ানো হয়নি। অথচ গত কয়েক বছরে ডিজেলের দাম, বাসের যন্ত্রাংশ, টায়ার, কর্মীদের বেতন, বিমা, রোড ট্যাক্স এবং রক্ষণাবেক্ষণের খরচ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। ব্যাঙ্কের ইএমআইয়ের বোঝাও রয়েছে। ফলে বর্তমান ভাড়ায় বাস পরিষেবা চালানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে বলে দাবি সংগঠনের।
কলকাতায় ১৮ টাকা থেকে শুরু ভাড়ার প্রস্তাব (Kolkata Bus)
বাস মালিক সংগঠনের প্রস্তাব অনুযায়ী, কলকাতায় ০–৪ কিলোমিটারের জন্য ন্যূনতম ভাড়া হতে পারে ১৮ টাকা। ৪–৬ কিলোমিটারে ২০ টাকা, ৬–৮ কিলোমিটারে ২২ টাকা, ৮–১২ কিলোমিটারে ২৪ টাকা, ১২–১৬ কিলোমিটারে ২৬ টাকা, ১৬–২০ কিলোমিটারে ২৮ টাকা এবং ২০–২২ কিলোমিটারে ৩০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
জেলা থেকে এসি, ভলভো—সব ক্ষেত্রেই নতুন ভাড়া (Kolkata Bus)
জেলার সাধারণ বাসে প্রথম ৪ কিলোমিটারে ২০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ১ টাকা ২০ পয়সা করে ভাড়া বৃদ্ধির প্রস্তাব রয়েছে। এক্সপ্রেস বাসে প্রথম ৪ কিলোমিটারে ২৫ টাকা এবং পরে প্রতি কিলোমিটারে ১ টাকা ৫০ পয়সা করার দাবি। সাধারণ এসি বাসে প্রথম ৪ কিলোমিটারে ৪০ টাকা এবং ভলভো বাসে প্রথম ২ কিলোমিটারে ৫০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Government Job: রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের পাশে রাজ্য, মিলবে গ্রুপ-ডি চাকরি
পুজোর পর শুরু হবে কি ভাড়া বৃদ্ধির আলোচনা?
বাস মালিকদের দাবি, গত ১৪ সেপ্টেম্বর ৯ দফা দাবি নিয়ে পরিবহণ দফতরে স্মারকলিপি দেওয়া হয়েছিল। ১৭ সেপ্টেম্বর পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠকেও ভাড়া বৃদ্ধির বিষয়টি ওঠে। পুজোর পর আলোচনা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল বলেই দাবি সংগঠনের।



