Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মেট্রো সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ কবি সুভাষ ডিপো থেকে একটি ফাঁকা রেক ঘুরিয়ে আনার সময় আচমকাই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় (Kolkata Metro)। সেই রেকটি লাইনে খারাপ হয়ে যাওয়ায় স্বাভাবিক মেট্রো চলাচল ব্যাহত হয়। বিশেষ করে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী আপ লাইনে পরিষেবা কার্যত থমকে যায়। সপ্তাহের প্রথম দিনে অফিস, স্কুল-কলেজের তাড়াহুড়োর সময়ে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

ভাঙা রুটে চলল পরিষেবা (Kolkata Metro)
রেক বিকলের জেরে সম্পূর্ণ ব্লু লাইনে মেট্রো চালানো সম্ভব হয়নি। মেট্রো কর্তৃপক্ষ দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত আপ ও ডাউন লাইনে ভাঙা রুটে পরিষেবা চালু রাখে। ফলে দক্ষিণ কলকাতা ও উত্তর কলকাতার মধ্যে সরাসরি যোগাযোগ কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। শহিদ ক্ষুদিরাম, টালিগঞ্জ ও সংলগ্ন স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। অনেকেই বাধ্য হয়ে বাস, অটো বা অন্য বিকল্প পরিবহণের দিকে ঝুঁকতে বাধ্য হন।
যাত্রী ক্ষোভ চরমে (Kolkata Metro)
বিশেষ করে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে মেট্রো ধরতে আসা যাত্রীরা প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। কারও অফিসে পৌঁছতে দেরি হয়, কেউ আবার পরীক্ষার কেন্দ্রে বা গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার পথে পড়েন বিপাকে। নতুন বছরের শুরুতেই একই ধরনের সমস্যার পুনরাবৃত্তিতে বিরক্তি গোপন করেননি নিত্যযাত্রীরা। তাঁদের অভিযোগ, বারবার যান্ত্রিক ত্রুটির কারণে পরিষেবা ব্যাহত হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ চোখে পড়ছে না।

আরও পড়ুন: Dilip Ghosh: অমিত শাহের বৈঠকের পরেই মুখ বন্ধ দিলীপ ঘোষের!
এক ঘণ্টার বেশি পরে স্বস্তি
মেট্রো কর্তৃপক্ষ জানায়, লাইনে খারাপ হয়ে যাওয়া রেকটির পিছনে থাকা একাধিক রেক আটকে পড়েছিল। দ্রুততার সঙ্গে কর্মীরা ওই রেকটি সরানোর কাজ শুরু করেন। প্রায় ১ ঘণ্টা ১০ মিনিটের চেষ্টায় সমস্যার সমাধান হয়। যান্ত্রিক ত্রুটি সারিয়ে সকাল ৮টা ৩৯ মিনিট নাগাদ ফের দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন লাইনে স্বাভাবিক মেট্রো পরিষেবা চালু করা হয়।



