Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ঘন কালো মেঘে ঢাকা আকাশের মাঝে করালবদনী কালীর আবির্ভাব (Lithography Kali)। তাঁর হাতে খড়্গ, তাতে তখনও রক্তের ছাপ। চারপাশে প্রেতের দল নৃত্যরত। পাদদেশে শায়িত শিব। উনিশ শতকের শিল্পীরা এ ভাবেই ধরেছিলেন দেবীর ভয়ংকর রূপকে। এই দৃশ্যই ফুটে উঠেছে লিথোগ্রাফিক প্রিন্টের মাধ্যমে তৈরি ‘শ্রীশ্রী কালী’ ও ‘কালী’ নামের ছবিতে, যা কালীপুজোর ঠিক আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেন্ট্রাল হলে প্রদর্শিত হচ্ছে।

শিল্পের এক প্রাচীন প্রযুক্তি (Lithography Kali)
প্রিন্টিং প্রযুক্তি তখনও প্রাথমিক অবস্থায়। উনিশ শতকের শেষভাগে ধর্মীয় ও সামাজিক বিষয় নিয়ে ছবি আঁকার প্রবণতা বাড়ছিল, কিন্তু অফসেট ছাপা তখনও দূর ভবিষ্যৎ। তাই শিল্পীরা বেছে নিয়েছিলেন এক অভিনব পদ্ধতি লিথোগ্রাফিক প্রিন্টিং। এই পদ্ধতিতে প্রথমে সমতল চুনাপাথর বা ধাতব প্লেটে গ্রিজ় দিয়ে ছবি আঁকা হতো। পরে তা বিশেষ রাসয়নিকে ডুবিয়ে কিছুক্ষণ রেখে জলে ভিজিয়ে নেওয়া হতো। ছবির গ্রিজ়যুক্ত অংশে জল লাগত না, ফলে সেই অংশে রঙ লাগানো সম্ভব হতো সহজে। শেষে সেই রঙিন প্লেট কাগজে চাপিয়ে তৈরি হতো একটি নিখুঁত প্রতিলিপি এক শিল্পময় ‘প্রিন্ট’।

কৃষ্ণদাস পাল লেনের শিল্পকেন্দ্র (Lithography Kali)
কলকাতার কৃষ্ণদাস পাল লেনের কাঁসারিপাড়া আর্ট স্টুডিও ছিল এই লিথোগ্রাফিক শিল্পের প্রাণকেন্দ্র। এখানেই আঁকা হয়েছিল ‘শ্রীশ্রী কালী’ ও ‘কালী’ বাংলার শিল্পজগতে আজও অনন্য দুটি সৃষ্টি। স্টুডিওটি এখন আর নেই, কিন্তু সেখানকার শিল্পীরা যে ঐতিহ্য রেখে গেছেন, তা আজও জীবন্ত বিভিন্ন মিউজিয়ামের সংগ্রহে।
কালীর বিরল প্রতিচ্ছবি (Lithography Kali)
শুধু লিথোগ্রাফ নয়, ভিক্টোরিয়া মেমোরিয়ালের রিজ়ার্ভ কালেকশনে রয়েছে উনিশ শতকের বিরল কালী-তৈলচিত্র। দেবীর সেই নানা রূপ কখনও মাতৃস্নেহে, কখনও রুদ্ররূপে ধরা আছে শিল্পীদের তুলিতে।

ক্যামেরায় ধরা কালীঘাট (Lithography Kali)
সূত্রের খবর, ১৯৪৫ সালে তোলা ফটোগ্রাফার জয়ন্ত প্যাটেল-এর তোলা কালীঘাট মন্দিরের বিরল কিছু ছবিও এবার প্রদর্শিত হচ্ছে। প্যাটেল ও তাঁর ভাই ১৯৪০ সালে খোলেন বম্বে ফটো স্টোর্স, যা পরে ভাইসরয়ের সরকারি বাসভবন, গভর্নমেন্ট হাউস-এর অফিশিয়াল ফটো এজেন্সি হয়ে ওঠে। স্বাধীনতা আন্দোলন, দেশভাগ, ও কালীঘাটের ঐতিহাসিক মুহূর্ত সবই ধরা আছে তাঁর লেন্সে।
আরও পড়ুন: Rashmika-Vijay Deverakonda: রশ্মিকার হাতে জ্বলজ্বলে হিরের আংটি, বাগদানে সিলমোহর?
শিল্প ও সংস্কৃতির প্রতীক
উনিশ শতকের এই ছবিগুলি শুধু ধর্মীয় প্রতিমূর্তি নয়, বরং এক সামাজিক-সাংস্কৃতিক দলিলও। শিল্প, বিশ্বাস, ও সময় তিনের মেলবন্ধনে সৃষ্টি হয়েছিল করালবদনী কালীর সেই অবিনশ্বর রূপ। যা আজও বাংলার ঐতিহ্যের প্রতীক হয়ে বেঁচে আছে।



