Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবলে যেখানে ক্যারিয়ারের শীর্ষ সাধারণত ত্রিশের কোঠায় থেমে যেতে শুরু করে, সেখানে লিওনেল মেসি ব্যতিক্রম (Messi)। বয়স ৩৮ ছুঁইছুঁই, তবুও তাঁর শরীরী ভাষা, মাঠে গতি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ফিটনেস আজও ঈর্ষণীয়। সাম্প্রতিক ভারত সফর সেই সত্যটাই আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ১৩ তারিখ মধ্যরাতে কলকাতায় নামার পর থেকেই বিশ্রামের কোনও সুযোগ পাননি মেসি। দিনে একাধিক শহরে সফর, জনসংযোগ কর্মসূচি, ছবি তোলা, শিশুদের সঙ্গে ফুটবল সব মিলিয়ে সূচি ছিল কার্যত নিশ্ছিদ্র। তবু ক্লান্তির ছাপ নেই, নেই কোনও আপস। কারণ মেসির কাছে ফিটনেস কোনও প্রয়োজন নয়, বরং অভ্যাস।

ফিটনেসের মূল চাবিকাঠি (Messi)
মেসির সাফল্যের পেছনে সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করেছে, তা হল শৃঙ্খলা। এই শৃঙ্খলা কোনও হঠাৎ পাওয়া উপলব্ধি নয়। এর সূচনা হয়েছিল বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া অ্যাকাডেমিতে। ছোট বয়স থেকেই তাঁকে শেখানো হয়েছিল কীভাবে নিজের শরীরকে বুঝতে হয়, কীভাবে সীমাবদ্ধতার মধ্যেও ধারাবাহিকতা বজায় রাখতে হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই শৃঙ্খলা আরও কঠোর হয়েছে। শরীরকে রক্ষা করা, চোট এড়ানো এবং দীর্ঘ সময় সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারার জন্য নিজের জীবনযাপনকে ক্রমাগত শোধন করেছেন মেসি।
ডায়েট বদলেই বদলে যায় কেরিয়ারের গ্রাফ (Messi)
২০১৩–১৪ সালের বিশ্বকাপের পর মেসি বুঝতে পারেন, শুধুমাত্র প্রতিভা যথেষ্ট নয়। শরীরের যত্ন না নিলে পারফরম্যান্সে ধারাবাহিকতা আসবে না। তখনই তিনি নিজের খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আনেন। এক সাক্ষাৎকারে মেসি নিজেই স্বীকার করেছিলেন, তাঁর কুড়ির কোঠার শুরুতে নিয়মিত চকোলেট, কুকিজ় ও ঠান্ডা পানীয় খাওয়ার অভ্যাস ছিল। সেই অভ্যাস থেকেই তৈরি হত দুর্বলতা, বমিভাব এবং অবসাদ। এই উপলব্ধিই তাঁকে নতুন পথে নিয়ে যায়।

‘ফাইভ পিলার রুল’ (Messi)
২০১৪ সালে নিউট্রিশনিস্ট জিওলিয়ানো পোসারের পরামর্শে মেসির ডায়েটে আসে আমূল পরিবর্তন। কোনও জটিল বা বিলাসবহুল খাদ্যতালিকা নয়, বরং পাঁচটি মৌলিক স্তম্ভের ওপর দাঁড়ানো একটি নিয়ন্ত্রিত ডায়েট, জল, অলিভ অয়েল, গোটা শস্য, ফল ও সবজি। এর সঙ্গে যুক্ত হয় পরিমিত মাছ ও মাংস। মাঝেমধ্যে সামান্য ওয়াইন থাকলেও সেটিও কঠোর নিয়ন্ত্রণের মধ্যে। এই ডায়েট মেসির শরীরকে ভেতর থেকে শক্তিশালী করেছে এবং দীর্ঘমেয়াদি ফিটনেস বজায় রাখতে সাহায্য করেছে।

আরও পড়ুন: Aeroplane: রাজধানী শহরে ঘোর স্মগ: বিমান পরিষেবায় ব্যাপক গোলযোগ, বিমান নামাতে বিশেষ ব্যবস্থা CAT III
পেশিবহুল নয়, নমনীয় শরীরই মেসির অস্ত্র
অনেক ফুটবলারের মতো ভারী পেশিবহুল শরীর গড়ে তোলা মেসির লক্ষ্য নয়। তাঁর খেলার মূল শক্তি গতি, ভারসাম্য ও দ্রুত দিক পরিবর্তনের ক্ষমতা। তাই ওয়ার্কআউটেও তিনি সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করেন। স্ট্রেংথ ট্রেনিং, স্ট্রেচিং, স্পিড ড্রিল, স্প্রিন্ট ও কোর স্ট্যাবিলিটি এই সবই তাঁর দৈনন্দিন অনুশীলনের অঙ্গ। ওজন তোলার বদলে শরীরকে নমনীয় ও টেকসই রাখাই তাঁর প্রধান লক্ষ্য। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, অফ সিজ়ন এলেও মেসির ডায়েট ও ফিটনেস রুটিনে কোনও বড় পরিবর্তন হয় না। কারণ তাঁর কাছে ফিটনেস কোনও মৌসুমি প্রস্তুতি নয়, বরং সারাজীবনের অঙ্গীকার।



