Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: স্পেনে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। বুধবার মাদ্রিদ ও দক্ষিণের আন্দালুসিয়াকে সংযোগকারী রেলপথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’টি হাইস্পিড ট্রেন (Spain Train Accident)। দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতের সংখ্যাও বহু। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
ধ্বংসস্তূপে পরিণত দুর্ঘটনাস্থল (Spain Train Accident)
দুর্ঘটনার পর ঘটনাস্থলের যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তা কার্যত শিউরে ওঠার মতো। একটি ট্রেনের কামরা রেললাইনের উঁচু অংশে উল্টে পড়ে রয়েছে। অন্যদিকে, একাধিক কামরা লাইন থেকে ছিটকে নীচু ও ঢালু জমিতে পড়ে যায়। ট্রেনের ধাতব অংশ, প্যানেল এবং কামরার বিভিন্ন টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে চারদিকে। মুহূর্তের মধ্যে ব্যস্ত রেলপথ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।
বিকট শব্দের পরই বদলে গেল সবকিছু (Spain Train Accident)
ট্রেনে থাকা যাত্রী মিগুয়েলের অভিজ্ঞতা দুর্ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলেছে। সহকর্মীদের সঙ্গে তিনি যাত্রা করছিলেন এবং ছিলেন পিছনের কামরায়। হঠাৎই বিকট শব্দ শুনতে পান তিনি। সঙ্গে সঙ্গে ট্রেন প্রবলভাবে টলতে শুরু করে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পান, সামনের অংশ কার্যত ভেঙেচুরে গিয়েছে। প্রথমে তাঁর মনে হয়েছিল, হয়তো অন্য ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে বুঝতে পারেন, তাঁদের ট্রেনই ভয়াবহভাবে দুমড়ে-মুচড়ে গিয়েছে।
Iryo ও Renfe ট্রেনের সংঘর্ষ (Spain Train Accident)
দুর্ঘটনায় জড়িয়ে পড়া দু’টি ট্রেনের একটি Iryo এবং অন্যটি Renfe। জানা গিয়েছে, Iryo ট্রেনে ১৪৭ জন এবং Renfe ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন। এত বিপুল সংখ্যক যাত্রী থাকার কারণে উদ্ধারকাজও অত্যন্ত কঠিন হয়ে পড়ে। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করেন জরুরি পরিষেবার কর্মীরা।
আরও পড়ুন: Police Duty Allowance: পুজো থেকে বিসর্জন, ডিউটিরত পুলিশকর্মীদের খাবার ভাতা বাড়াল রাজ্য সরকার
বাড়ছে মৃতের সংখ্যা, প্রশ্নের মুখে রেল নিরাপত্তা
কাস্তিশা-লা মাঞ্চা প্রশাসনের মুখপাত্র এস্থার পাডিলা জানিয়েছেন, প্রথমদিকে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা ছিল। পরে মৃতের সংখ্যা বেড়ে ৪৬-এ পৌঁছেছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



