Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের সমৃদ্ধ জ্ঞান-ঐতিহ্যকে আধুনিক দক্ষতা উন্নয়ন ব্যবস্থার সঙ্গে যুক্ত করে প্রাক-প্রাথমিক শিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন হলো। ম্যানেজমেন্ট ও এনট্রেপ্রেনারশিপ অ্যান্ড প্রফেশনাল স্কিলস কাউন্সিল (MEPSC)–এর সঙ্গে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার (BRC)–এর একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হয়।
এই যুগান্তকারী উদ্যোগের ফলে শিশুশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ভারতীয় জ্ঞান-ঐতিহ্যের সমন্বয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী শিক্ষণ ভিত্তি তৈরি হবে বলে মনে করছেন শিক্ষাবিদরা।
আরও পড়ুন: Half Marathan: কলকাতা পুলিশের হাফ ম্যারাথন:আনুষ্ঠানিক ঘোষণা, লোগো উন্মোচন
কর্তৃপক্ষ জানিয়েছে, এই সহযোগিতার মাধ্যমে প্রি-স্কুল ফ্যাসিলিটেটর ও কেয়ারগিভার সার্টিফিকেশন প্রোগ্রামে ভারতীয় জ্ঞানব্যবস্থার মূলনীতিগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—সামগ্রিক শিক্ষা, মূল্যবোধভিত্তিক পাঠদান, শিশুর প্রাথমিক জ্ঞানের বিকাশ এবং সাংস্কৃতিক ভিত্তিকে শিক্ষণ প্রক্রিয়ায় শক্তভাবে সংযুক্ত করা।
MEPSC ও BRC-র মধ্যে মৌ সাক্ষর
MEPSC-র সিইও অনিল পোখরিয়াল এই MoU-এর লক্ষ্য সম্পর্কে বলেন, এর মাধ্যমে ভারতীয় জ্ঞানব্যবস্থাভিত্তিক প্রশিক্ষণ কনটেন্ট তৈরি করা হবে। প্রাচীন ভারতীয় শিক্ষাপদ্ধতি থেকে অনুপ্রাণিত গবেষণা-সমর্থিত লার্নিং মডিউল ডিজাইন, প্রাথমিক শিশুশিক্ষা নিয়ে যৌথ গবেষণা, ভবিষ্যৎ পাঠ্যক্রম উদ্ভাবন এবং ফ্যাকাল্টি ডেভেলপমেন্টে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলাই এর প্রধান কাজ।
ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ড. সুমন্ত রুদ্র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারে আমরা ভারতীয় জ্ঞানব্যবস্থাকে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের অন্যতম প্রধান উপাদান হিসেবে দেখি। আন্তর্জাতিক স্তরে গবেষণা ও একাডেমিক উৎকর্ষের জন্য স্বীকৃত আমাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞতাকে দেশের ভবিষ্যৎ নির্মাণে নিয়োজিত শিক্ষক তৈরির কাজে লাগানোর সুযোগ করে দিল এই MoU।”
এই প্রকল্পে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে নালন্দা লার্নিং সিস্টেমস প্রাইভেট লিমিটেড। সংস্থার প্রতিষ্ঠাতা নির্দেশক তমাল মুখার্জী জানিয়েছেন, তারা প্রি-স্কুল ফ্যাসিলিটেটর ট্রেনিং, কনটেন্ট ডেভেলপমেন্ট এবং প্রশিক্ষণ প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সমঝোতা স্মারক দেশের প্রাক-প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।


