Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ঝাঁ চকচকে মঞ্চ, দামি আলো, নামী সাহিত্যসভা এই চেনা বৃত্তের বাইরে থেকেও যে কবিতা মানুষের হৃদয়ে পৌঁছাতে পারে (Tehatta Farmer), তারই জীবন্ত প্রমাণ করিমপুরের আজিবর মণ্ডল। মাথায় গামছার ফেট্টি, মুখে মৃদু হাসি আর হাতে লাঙল চাষ করতে করতে আপন খেয়ালে কবিতা আবৃত্তি করেই আজ তিনি নেটদুনিয়ায় ভাইরাল। লক্ষ লক্ষ বাঙালির কাছে তিনি এখন একটাই পরিচয়ে পরিচিত ‘কবিতাওয়ালা’।

শিকড়ে বাঁধা জীবন (Tehatta Farmer)
নাজিরপুর প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু আজিবর মণ্ডলের। পরে নন্দনপুর উচ্চবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন ২০০০ সালে। এরপর বেতাই ডঃ বি আর আম্বেদকর কলেজে ভর্তি হলেও কলেজজীবন শেষে পেশা হিসেবে তিনি বেছে নেন চাষবাসকেই। শহরের চাকরি বা কর্পোরেট জীবনের হাতছানি তাঁকে টানেনি। মাটির সঙ্গে সম্পর্কই তাঁর জীবনের আসল ঠিকানা।
কবিতার সঙ্গে আজিবরের সম্পর্ক (Tehatta Farmer)
আজিবর কবিতা লিখতে ভালোবাসতেন, কবিতা পড়তেও। ইচ্ছা ছিল নিয়ম করে কবিতা আবৃত্তি শেখার, তালিম নেওয়ার। কিন্তু জীবনের দায়িত্ব, সংসার আর কাজের চাপে সেই স্বপ্ন পূরণ হয়নি। তবুও কবিতা তাঁর জীবন থেকে আলাদা হয়ে যায়নি। জমিতে চাষ করতে করতে কখনও রবীন্দ্রনাথ, কখনও জীবনানন্দ, কখনও সুনীল গঙ্গোপাধ্যায় কবিতাই হয়ে উঠেছে তাঁর নিত্যসঙ্গী।
ভাইরাল হওয়ার গল্প (Tehatta Farmer)
কিছুদিন আগে চাষের জমিতেই বসে একটি কবিতা আবৃত্তির ভিডিও রেকর্ড করে ফেসবুকে পোস্ট করেন আজিবর। কোনও পরিকল্পনা ছিল না, কোনও প্রচারের কৌশলও নয় ছিল শুধু তাঁর কণ্ঠ আর কবিতার প্রতি ভালোবাসা। সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়। সেখান থেকেই জন্ম ‘কবিতাওয়ালা’ আজিবর মণ্ডলের।

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা (Tehatta Farmer)
ভাইরাল হওয়ার পর আজিবর ‘কবিতাওয়ালা’ নামে একটি ফেসবুক পেজ খোলেন। গত ১০ জানুয়ারি পেজ খোলার পর অল্প কয়েকদিনের মধ্যেই তাঁর ফলোয়ার সংখ্যা পৌঁছেছে প্রায় দেড় লক্ষে। প্রতিদিনই অসংখ্য মানুষ তাঁর কবিতা আবৃত্তি শুনছেন, মন্তব্য করছেন, ভালোবাসা জানাচ্ছেন।
মঞ্চ নয়, মাঠই তাঁর আসল ঠিকানা (Tehatta Farmer)
আজিবরের জীবনে কোনও ঝলমলে মঞ্চ নেই, নেই নামী কবি-সাহিত্যিকদের সান্নিধ্য। তাঁর কবিতা পাঠের মঞ্চ হল মাঠ, ফসলের জমি, গ্রামের খোলা আকাশ। চাষের কাজ করতে করতেই তিনি কবিতা আবৃত্তি করেন। এই সরলতাই তাঁকে আলাদা করে তুলেছে। তাঁর কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পরিচয়’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘শুধু কবিতার জন্য’, জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে’ কিংবা রবীন্দ্রনাথ চক্রবর্তীর ‘অমলকান্তি’ শুনে মুগ্ধ হচ্ছেন সাহিত্যপ্রেমীরা।

সামাজিক দায়বদ্ধতা (Tehatta Farmer)
শুধু কবিতাতেই সীমাবদ্ধ নন আজিবর। রক্তদান শিবির থেকে শুরু করে নানা সামাজিক কাজের সঙ্গেও তিনি যুক্ত। এলাকার মানুষ তাঁকে ভালোবাসেন একজন সহজ-সরল, মাটির মানুষ হিসেবেই। জনপ্রিয়তা এলেও তাঁর জীবনযাপন বা মনোভাব বদলায়নি।
আরও পড়ুন: Lalbazar CP: অ্যাকশনে নতুন সিপি: রাতের কলকাতায় সতর্ক লালবাজার
জনপ্রিয়তা নিয়ে আজিবরের ভাবনা
আজিবর নিজেই বলেন, “আমার কবিতা পাঠ যে সকলের ভালো লাগছে, তাতেই আমি খুশি।” তবে তাঁর কণ্ঠে শোনা যায় এক ধরনের ভয়ও, “আমি মাঠের লোক। বেশি উপরে উঠলে আমি তো সামলাতে পারব না।” এই কথাগুলি গড়গড় করে বলেই আবার মন দেন চাষের কাজে। হাসিমুখে যোগ করেন, “এই বেশ ভালো আছি।”



