Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: আগামী ২৮ নভেম্বর রাজ্যের সাতটি পুরসভায় (Municipal Poll Schedule) ভোট হতে পারে। ভোটের গণনা হতে পারে ২ ডিসেম্বর। বুধবার রাজ্যের মুখ্যসচিব স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে পুরভোটের প্রস্তুতি নিয়ে বৈঠকের পর এই নির্ঘণ্টের প্রস্তাব দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে রাজ্য সরকারের সম্মতি চেয়েছে কমিশন। সরকারের সম্মতি মিললেই পুরভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।
পুরভোটের নির্ঘণ্ট (Municipal Poll Schedule)
কমিশন সূত্রে খবর দুর্গাপুজোর পরেই পুরভোটের নির্ঘণ্ট (Municipal Poll Schedule) আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। বুধবার পুরভোটের প্রস্তুতি চূড়ান্ত করতে দু দফায় বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশন। ভোট পরিচালনার জন্য প্রয়োজনীয় পুলিশ বাহিনীর সংখ্যা নিরাপত্তা ব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। রাজ্য পুলিশের কাছ থেকে এ বিষয়ে একটি রিপোর্টও চাওয়া হয়েছে বলে খবর।
জেলাশাসকদের সঙ্গেও পৃথক বৈঠক (Municipal Poll Schedule)
এদিন সংশ্লিষ্ট জেলাশাসকদের সঙ্গেও পৃথক বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্তা। শান্তিপূর্ণ ও হিংসামুক্ত নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট পুরসভাগুলির নির্বাচনী প্রস্তুতির অগ্রগতিও খতিয়ে দেখা হয়।
ইতিমধ্যেই কলকাতা ও হাওড়া পুরসভা সহ একাধিক পুরসভায় নির্বাচন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। কলকাতা ও হাওড়া পুরসভার ডিলিমিটেশনের কাজ শেষ হয়েছে। ওয়ার্ডভিত্তিক সংরক্ষণের কাজও শেষের পথে। ফলে ভোটের নির্ঘণ্ট ঘোষণার ক্ষেত্রে আর বড় কোনও প্রশাসনিক জটিলতা থাকার কথা নয় বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Sunita Ahuja: “জাহান্নামে যাক, যেখানে খুশি যাক…”, গোবিন্দা-কোমল সম্পর্ক নিয়ে অকপট সুনীতা আহুজা
প্রায় আট বছর ধরে প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে হাওড়া পুরসভা। অন্যদিকে কলকাতা পুরসভাতেও নির্বাচিত পুরবোর্ডের পরিবর্তে বর্তমানে প্রশাসনিক নিয়ন্ত্রণ রয়েছে। স্বাভাবিকভাবেই এই দুই পুরসভাকে ঘিরেই বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসন।


