Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউড অভিনেত্রী নুসরত ভরুচাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে (Nushrratt Bharuccha)। কাজের সূত্রে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন অভিনেত্রী। কাজের পাশাপাশি সেখানে আরও কয়েক দিন ছুটি কাটানোর পরিকল্পনাও ছিল তাঁর। কিন্তু সেই পরিকল্পনাই আচমকা বদলে যায় দুর্ঘটনার কারণে। বালিতে থাকাকালীন দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর চোট পান নুসরত।
হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী (Nushrratt Bharuccha)
দুর্ঘটনার পর দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল অভিনেত্রীকে। প্রথমদিকে দুর্ঘটনার খবর প্রকাশ্যে এলেও তাঁর আঘাতের প্রকৃতি বা পরিস্থিতি কতটা গুরুতর, তা স্পষ্ট ছিল না। ফলে নুসরতের অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছিল নানা প্রশ্ন ও উদ্বেগ। পরে অভিনেত্রীর পিআর টিমের তরফে একটি বিবৃতি প্রকাশ করে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানানো হয়। সেখানেই জানা যায়, দুর্ঘটনার জেরে নুসরতের মেরুদণ্ডে চিড় ধরেছে।
বালিতে নয়, এবার চিকিৎসা হবে মুম্বইয়ে (Nushrratt Bharuccha)
চিকিৎসার ক্ষেত্রে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না অভিনেত্রীর পরিবার ও টিম। সঠিক চিকিৎসা এবং অস্ত্রোপচারের জন্য তাঁকে বালি থেকে মুম্বইয়ে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিমের তরফে জানানো হয়েছে, এয়ার অ্যাম্বুল্যান্সে করে নুসরতকে মুম্বইয়ে নিয়ে আসা হবে। সেখানেই তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
ব্যক্তিগত পরিসরকে সম্মানের আবেদন (Nushrratt Bharuccha)
নুসরতের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তাঁর সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন অনুরাগীরা। সামাজিক মাধ্যমে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে অভিনেত্রীর ব্যক্তিগত পরিসরকে সম্মান করার জন্যও আবেদন জানিয়েছে তাঁর টিম।
আরও পড়ুন:Cyber Crime: নিউটাউনে আন্তর্জাতিক ফেক কল সেন্টারের হদিস, গ্রেফতার ২৪
দ্রুত সুস্থতার প্রার্থনা অনুরাগীদের
পিআর টিমের বিবৃতিতে নুসরতের জন্য শুভেচ্ছা ও প্রার্থনা করার আবেদন জানানো হয়েছে। যাঁরা অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি উপযুক্ত সময়ে নুসরতের শারীরিক অবস্থার বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে বলেও জানানো হয়েছে।



