Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কিছু সৃষ্টি রয়েছে, যা নিছক সাহিত্য হয়ে সীমাবদ্ধ থাকেনি, বরং হয়ে উঠেছে সময়ের দলিল (Emperor Vs Sarat Chandra)। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ তেমনই এক সৃষ্টি। প্রকাশের পর যে উপন্যাস ব্রিটিশ শাসকদের উদ্বেগের কারণ হয়ে উঠেছিল, প্রায় একশো বছর পর সেই উত্তাল সময়কেই বড়পর্দায় ফিরিয়ে আনছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পুজোর পর্দায় আসছে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’।
টিজারে শরৎচন্দ্রের অবতারে টোটা (Emperor Vs Sarat Chandra)
বৃহস্পতিবার প্রকাশিত টিজারেই ছবির আবহ সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত মিলেছে। টোটা রায়চৌধুরীকে দেখা গিয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে। পাক ধরা চুল, পরিণত মুখাবয়ব এবং লেখায় নিমগ্ন এক সাহিত্যিক— তাঁর উপস্থিতিতেই যেন ফুটে উঠেছে সৃষ্টির নেপথ্যের সেই অস্থির সময়। অন্যদিকে আবির চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা মিলেছে ‘পথের দাবী’-র বিপ্লবী সব্যসাচীর। হাতে বন্দুক, চোখেমুখে দৃঢ়তা— টিজারে তাঁর উপস্থিতি তৈরি করেছে আলাদা উত্তেজনা।
‘পথের দাবী’-র শতবর্ষে নতুন করে ফিরে দেখা (Emperor Vs Sarat Chandra)
১৯২৬ সালে প্রকাশিত হয়েছিল ‘পথের দাবী’। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সব্যসাচী তরুণ প্রজন্মের মধ্যে তৈরি করেছিল বিপুল উদ্দীপনা। ব্রিটিশবিরোধী বিপ্লবী কর্মকাণ্ড, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদের সেই আবহই ছবির অন্যতম মূল ভিত্তি। শরৎচন্দ্রের কলম কীভাবে সময়ের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মিশে গিয়েছিল, সেই প্রশ্নও উঠে আসবে ছবির কাহিনিতে।
ইতিহাসের পাতায় আরও পরিচিত মুখ
শুধু শরৎচন্দ্র ও সব্যসাচী নন, ছবিতে উঠে আসবে সেই সময়ের আরও একাধিক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ-সহ একাধিক ব্যক্তিত্বকে ঘিরে এগোবে কাহিনি। ফলে সাহিত্য, ইতিহাস, রাজনীতি এবং স্বাধীনতা আন্দোলনের নানা পরিসর একসঙ্গে ধরা দেবে ছবিতে।
সৃজিতের নতুন ভূমিকায় চমক (Emperor Vs Sarat Chandra)
ছবিটি পরিচালনার পাশাপাশি এই প্রথম মিউজিক কম্পোজার হিসেবেও আত্মপ্রকাশ করছেন সৃজিত মুখোপাধ্যায়। ছবির সঙ্গীত ও সাউন্ডট্র্যাকের দায়িত্ব তাঁর। ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। চিত্রগ্রহণে ইন্দ্রনাথ মারিক এবং মেকআপে সোমনাথ কুণ্ডু— সময়কাল ও চরিত্রগুলিকে বিশ্বাসযোগ্য করে তুলতে তাঁদের কাজও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আরও পড়ুন:Cyber Crime: নিউটাউনে আন্তর্জাতিক ফেক কল সেন্টারের হদিস, গ্রেফতার ২৪
পুজোয় কলমের সঙ্গে তলোয়ারের মুখোমুখি লড়াই
আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী ও মিমি চক্রবর্তী ছাড়াও ছবিতে রয়েছেন দিব্যাণী মণ্ডল, ঋক চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ, কৌশানী মুখোপাধ্যায় এবং কাঞ্চন মল্লিক। প্রযোজনায় প্রদীপ কুমার নন্দী, নন্দী মুভিজের ব্যানারে নির্মিত এই ছবি পুজোর পর্দায় হাজির করবে এক বিশেষ সময়ের গল্প— যেখানে একদিকে সাম্রাজ্যের শক্তি, অন্যদিকে প্রতিবাদের কলম; একদিকে শাসন, অন্যদিকে স্বাধীনতার স্বপ্ন।



