Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার অন্যতম ব্যস্ত ও অভিজাত এলাকা পার্ক স্ট্রিট। শহরের বাসিন্দা থেকে শুরু করে পর্যটক খাবারের জন্য বহু মানুষের পছন্দের ঠিকানা এই এলাকা (Park Street)। সেই পার্ক স্ট্রিটের একাধিক নামী রেস্তোরাঁয় কলকাতা পুরসভার ফুড সেফটি দফতরের অভিযানে উঠে এল চাঞ্চল্যকর ছবি। রেস্তোরাঁগুলির রান্নাঘর এবং ডিপ ফ্রিজে তল্লাশি চালিয়ে আধিকারিকেরা উদ্ধার করেন পচা ও ছত্রাক ধরা মাংস, বিরিয়ানির আলু-সহ বিভিন্ন ধরনের পুরনো খাবার।
ফ্রিজে মিলল ছত্রাক ধরা মাংস (Park Street)
অভিযানে ডন জিওভানি, করিমস, মোক্যাম্বো, আর্সালান, পিটার ক্যাট এবং কেএফসি-র মতো একাধিক রেস্তোরাঁয় স্বাস্থ্যবিধি খতিয়ে দেখা হয়। সূত্রের খবর, ডন জিওভানি ও করিমসের ফ্রিজ থেকে ছত্রাক ধরা মাংস এবং বিরিয়ানির আলু উদ্ধার করা হয়। খাবারে ফাঙ্গাসের উপস্থিতি দেখতে পাওয়ার পর সেগুলি বাজেয়াপ্ত করে নষ্ট করে দেন পুরসভার আধিকারিকেরা (Park Street)।
বাসি খাবার রাখা নিয়ে উঠল প্রশ্ন (Park Street)
রেস্তোরাঁ কর্তৃপক্ষের একাংশ অবশ্য দাবি করেছে, উদ্ধার হওয়া খাবারগুলি পচা নয়, বরং আগের দিনের অব্যবহৃত খাবার ফ্রিজে রাখা হয়েছিল। তবে পুরসভার আধিকারিকদের পর্যবেক্ষণ অনুযায়ী, উদ্ধার হওয়া মাংস ও অন্যান্য খাদ্যসামগ্রীর বেশ কিছু অংশে স্পষ্টভাবে ছত্রাক জন্মেছিল। ফলে সেগুলি মানুষের খাওয়ার উপযোগী ছিল না বলেই মনে করা হয়েছে।
কারণ দর্শানোর নোটিস (Park Street)
খাদ্যের গুণমান বজায় রাখা এবং রান্নাঘরে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলে পুরসভার পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। অভিযানের পর সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলিকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে।

আরও পড়ুন: EOS05: ব্যর্থতার পর দুরন্ত প্রত্যাবর্তন ইসরোর, মহাকাশে সফল ‘আই অফ দ্য স্কাই’
খাবারের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন
পার্ক স্ট্রিটের মতো জনপ্রিয় খাদ্যকেন্দ্রে এমন ঘটনা সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, নামী রেস্তোরাঁগুলির রান্নাঘরে খাবার সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি কতটা কঠোরভাবে মানা হচ্ছে? গ্রাহকদের কাছে পরিবেশিত খাবারের মান নিশ্চিত করতে নিয়মিত নজরদারি এবং কঠোর খাদ্য সুরক্ষা বিধি মেনে চলা যে অত্যন্ত জরুরি, এই অভিযান সেই বিষয়টিই ফের সামনে এনে দিল।



