Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সমকালীন বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখকদের মধ্যে অন্যতম স্মরণজিৎ চক্রবর্তী (Smaranjit Chakraborty)। বিশেষত বর্তমান প্রজন্মের পাঠকদের কাছে তাঁর লেখার জনপ্রিয়তা যথেষ্ট। আধুনিক সম্পর্কের জটিলতা, প্রেম, ভালোবাসা, স্বপ্ন, কেরিয়ারের টানাপোড়েন কিংবা জীবনের নানা মানসিক দ্বন্দ্ব—তাঁর লেখায় বারবার উঠে আসে সমকালীন সমাজের পরিচিত ছবি। এবার সেই জনপ্রিয় সাহিত্যিকের একটি বহুলচর্চিত উপন্যাস উঠে আসতে চলেছে বড়পর্দায়। স্মরণজিৎ চক্রবর্তীর জনপ্রিয় উপন্যাস ‘জোনাকিদের বাড়ি’ অবলম্বনে নতুন বাংলা ছবি তৈরি করতে চলেছেন পরিচালক ধীমান বর্মণ।

কোন গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি? (Smaranjit Chakraborty)
‘জোনাকিদের বাড়ি’ শুধুমাত্র একটি সম্পর্কের গল্প নয়। এই উপন্যাসের পরতে পরতে রয়েছে একাধিক চরিত্রের জীবন, তাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা, সামাজিক প্রত্যাশা এবং ব্যক্তিগত জীবনের নানা সংঘাত। বিশেষ করে তরুণ প্রজন্মের মানসিক অবস্থান, সম্পর্কের পরিবর্তন এবং জীবনের অনিশ্চয়তা এই কাহিনির অন্যতম আকর্ষণ। সেই গল্পই এবার সিনেমার ভাষায় দর্শকদের সামনে তুলে ধরতে চান পরিচালক। এর আগে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় কমিকস চরিত্র রাপ্পা রায়কে কেন্দ্র করে ছবি তৈরি করেছিলেন ধীমান বর্মণ। এবার বাংলা সাহিত্যের আরেকটি জনপ্রিয় সৃষ্টিকে বড়পর্দায় নিয়ে আসার উদ্যোগ তাঁর(Smaranjit Chakraborty)।
উপন্যাস থেকে সিনেমা, কী বলছেন স্মরণজিৎ? (Smaranjit Chakraborty)
এই ছবি প্রসঙ্গে লেখক স্মরণজিৎ চক্রবর্তী জানিয়েছেন, ‘জোনাকিদের বাড়ি’ প্রথমে দেশ পত্রিকায় ধারাবাহিক উপন্যাস হিসেবে প্রকাশিত হয়েছিল। এটি একটি বড় উপন্যাস এবং এখানে রয়েছে অনেক ধরনের চরিত্র। তাঁর আশা, সিনেমার নিজস্ব পরিসরে পরিচালক ও নির্মাতারা নিজেদের ভাবনা দিয়ে গল্পটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন। ধীমান বর্মণের পরিচালনায় দর্শক একটি ভালো সিনেমা উপহার পাবেন বলেও আশাবাদী তিনি। ছবির সঙ্গে যুক্ত প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন লেখক।
পরিচালকের ভাবনায় প্রজন্মের যোগসূত্র
পরিচালক ধীমান বর্মণের কথায়, উপন্যাসটি পড়া শেষ করার পরেও দীর্ঘদিন তার রেশ তাঁর মনে থেকে গিয়েছিল। তখনই এই গল্পকে সিনেমার পর্দায় তুলে ধরার ইচ্ছা তৈরি হয়। বইয়ের নিজস্ব বৈশিষ্ট্য ও স্বকীয়তা বজায় রেখেই প্রতিটি চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর। প্রজন্মের পর প্রজন্মের মধ্যে একটি যোগসূত্র ধরে এগিয়ে যাবে ছবির গল্প।
আরও পড়ুন: Swapnil Chakrabarty: কবিতার আড়ালে প্রতারণার জাল! স্বপ্ননীল চক্রবর্তীকে নিয়ে সমাজমাধ্যমে তোলপাড়
কারা রয়েছেন ছবির নেপথ্যে?
ইতিমধ্যেই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সৌমিক হালদার। সংগীত পরিচালনা করছেন তমালিকা গোল্ডার এবং সম্পাদনার দায়িত্ব সামলাচ্ছেন সুজয় দত্ত রায়। ছবির পোস্টার ডিজাইনের দায়িত্বে রয়েছে একতা ক্রিয়েটিভ টেলস।



