Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় জুটি রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোণ্ডাকে ঘিরে বিয়ের জল্পনা নতুন নয় (Rashmika and Vijay)। গত কয়েক বছর ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিনোদন মহল জুড়ে। তবে সাম্প্রতিক সময়ে সেই জল্পনা আরও তীব্র আকার নিয়েছে, কারণ ইন্টারনেটে ভাইরাল হয়েছে এমন কিছু ছবি যেখানে এই তারকা জুটিকে দেখা যাচ্ছে বর–কনের বেশে।

ভাইরাল বিয়ের ছবির রহস্য (Rashmika and Vijay)
গত দু’দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলো দেখে প্রথমে যে কারও মনে হবে, সত্যিই বুঝি গোপনে বিয়ে সেরে ফেলেছেন রশ্মিকা ও বিজয়। ছবিতে বিজয়কে দেখা যাচ্ছে রাজকীয় শেরওয়ানিতে, আর রশ্মিকা পরেছেন ঝলমলে লেহেঙ্গা। দু’জনের গলাতেই মালা, চারপাশে আত্মীয়স্বজনের উপস্থিতি সব মিলিয়ে একেবারে বাস্তব বিয়ের ছবির মতোই মনে হচ্ছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, ওই ছবিগুলোতে অতিথি হিসেবে দেখা যাচ্ছে দক্ষিণী চলচ্চিত্র জগতের বড় তারকাদের। মহেশ বাবু ও তাঁর স্ত্রী নম্রতা শিরোদকর, এমনকি প্রভাসকেও নবদম্পতিকে আশীর্বাদ করতে দেখা যায়। একটি ছবির ব্যাকগ্রাউন্ডে স্পষ্টভাবে লেখা “Vijay Weds Rashmika”। এত নিখুঁত উপস্থাপনায় বহু ভক্তই মুহূর্তে বিশ্বাস করে ফেলেছেন যে সত্যিই বিয়ে হয়ে গিয়েছে।

এআই-এর কারসাজি নাকি গোপন বিয়ে? (Rashmika and Vijay)
তবে ছবিগুলো যতই বিশ্বাসযোগ্য হোক না কেন, ধীরে ধীরে সামনে এসেছে অন্য এক বাস্তবতা। প্রযুক্তি-সচেতন নেটিজেনদের একাংশের দাবি, এই সব ছবিই আসলে এআই ব্যবহার করে তৈরি। মুখের এক্সপ্রেশন, আলোছায়া ও ব্যাকগ্রাউন্ড বিশ্লেষণ করে অনেকেই বলছেন, এগুলো বাস্তব ছবি নয় বরং ডিজিটালভাবে তৈরি করা নকল কনটেন্ট। এই দাবি আরও জোরালো হয়েছে কারণ, রশ্মিকা বা বিজয় কেউই এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তারকা জুটির ঘনিষ্ঠ মহল থেকেও বিয়ে নিয়ে কোনও নিশ্চিত খবর আসেনি।
ব্যাচেলর পার্টির গুজব (Rashmika and Vijay)
এর মধ্যেই আগুনে ঘি ঢেলেছে রশ্মিকার সাম্প্রতিক শ্রীলঙ্কা সফর। বন্ধুদের সঙ্গে সেখানে ঘুরতে গিয়ে তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিগুলিকে কেন্দ্র করেই শুরু হয় নতুন গুজব অনেকেই দাবি করেন, এটি নাকি রশ্মিকার ব্যাচেলর পার্টি। যদিও এই বিষয়ে রশ্মিকা কোনও মন্তব্য করেননি। তাঁর পোস্টগুলিতেও কোথাও বিয়ে বা ব্যাচেলর পার্টির ইঙ্গিত পাওয়া যায়নি। তবুও নীরবতাই যেন গুজবকে আরও উসকে দিয়েছে।
সম্পর্কের কথা স্বীকার না করার নীতি
বিজয় দেবেরাকোণ্ডা ও রশ্মিকা মন্দানা এই দুই তারকার সম্পর্ক নিয়ে আলোচনা দীর্ঘদিনের। একাধিক ছবিতে একসঙ্গে কাজ করা, ব্যক্তিগত অনুষ্ঠানে একে অপরের উপস্থিতি সব মিলিয়ে তাঁদের প্রেমের গুঞ্জন বারবার সামনে এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এত বছর ধরে চলা জল্পনার পরেও তাঁরা কখনও প্রকাশ্যে তাঁদের সম্পর্ক স্বীকার করেননি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে হতে পারে এই খবরও বিভিন্ন সূত্রে ছড়ালেও, সেই ক্ষেত্রেও দু’জনেই বরাবরের মতো স্পিকটি নট নীতি বজায় রেখেছেন।



