Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবার আরও বড় পরিসরে বিশ্বমঞ্চে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে (Durga Puja 2026)। মহালয়া, আগামী ১০ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলেছে বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। ইডেনকে কেন্দ্র করে ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত একাধিক আয়োজনের প্রস্তুতিও চলছে।

ইডেনেই দেবীপক্ষের সূচনা (Durga Puja 2026)
এবারের আয়োজনের অন্যতম বিশেষত্ব হল, দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনাকে মহালয়ার সঙ্গে যুক্ত করে ইডেন গার্ডেন্সে বড় আকারে উদযাপন করা। প্রধানমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতির কথাও জানানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী অন্তত পাঁচটি পুজোর উদ্বোধন করতে পারেন এবং প্রায় পাঁচ হাজার পুজো কমিটির সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ করার পরিকল্পনাও রয়েছে।
দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও প্রচার (Durga Puja 2026)
বাংলার দুর্গোৎসবকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরার পরিকল্পনাও রয়েছে বলে সূত্রের খবর। আমেরিকার নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ইতিমধ্যেই ২০২৬ সালের দুর্গোৎসবের আয়োজন নির্ধারিত হয়েছে। ফলে কলকাতার মহালয়া অনুষ্ঠান এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বাঙালির দুর্গোৎসব—দুইয়ের মধ্যে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক সংযোগ তৈরি করার উদ্যোগ নজর কাড়ছে।
গান, ঢাক আর বাংলার লোকসংস্কৃতির মেলবন্ধন (Durga Puja 2026)
ইডেনের অনুষ্ঠানে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বাংলার বিভিন্ন জেলার লোকসংস্কৃতিকে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত অনুষ্ঠানে শান্তনু মৈত্র, শান, কৌশিকী চক্রবর্তী, দোহার-সহ একাধিক শিল্পীর অংশগ্রহণের কথা সামনে এসেছে। একইসঙ্গে ঢাকের বাদ্যি এবং বাংলার বিভিন্ন প্রান্তের লোকনৃত্য ও লোকসংগীতও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে পারে।
ড্রোন শো থেকে আতশবাজি (Durga Puja 2026)
মহালয়ার সন্ধ্যার অনুষ্ঠানকে দর্শনীয় করে তুলতে ড্রোন শো, থ্রিডি প্রজেকশন ম্যাপিং এবং আতশবাজির পরিকল্পনাও রয়েছে। ‘মা আসছেন—উমা স্টোরি’ ভাবনাকে কেন্দ্র করে বিশেষ ভিজ্যুয়াল প্রদর্শনের কথাও জানা গিয়েছে। ফলে ধর্মীয় আবহের পাশাপাশি প্রযুক্তিনির্ভর উপস্থাপনাও এবারের আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে।

আরও পড়ুন: Teesta Red Alert: টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, মেখলিগঞ্জ থেকে সীমান্তে জারি রেড অ্যালার্ট
ঘাটে ঘাটে মহিষাসুরমর্দিনী
শুধু ইডেনেই নয়, মহালয়ার ভোরেও কলকাতা ও হাওড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাটে বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’ সম্প্রচারের মধ্য দিয়ে দেবীপক্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে। সব মিলিয়ে ২০২৬-এর দুর্গোৎসবের সূচনাকে আরও বৃহৎ, সাংস্কৃতিক এবং আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন বলে প্রশাসনিক সূত্রে খবর।



