Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সমীক্ষা শুরু করার ঘোষণা করেনি (Special Intensive Revision)। তবে, তার আগেই রাজনৈতিক মহলে উত্তেজনা চরমে উঠেছে। শাসক ও বিরোধী দুই শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। এর মধ্যেই বুথ লেভেল অফিসারদের প্রতি কিছু শাসকদলীয় নেতার হুঁশিয়ারি ঘিরে বিতর্ক আরও গভীর হয়েছে।
অভিযোগে তপ্ত প্রশাসনিক মহল (Special Intensive Revision)
বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তাঁরা গ্রামে গ্রামে গিয়ে বিএলওদের কাজের উপর নজর রাখছেন এবং তাঁদের হুঁশিয়ারিও দিচ্ছেন। এমনকি, নাম বাদ গেলে আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন তাঁরা। এই পরিস্থিতিতে একাধিক বিএলও ইতিমধ্যেই কমিশনের কাছে আবেদন করেছেন একসঙ্গে শিক্ষকতা বা অন্য সরকারি কাজের পাশাপাশি BLO-র দায়িত্ব পালন করা তাঁদের পক্ষে সম্ভব নয়।
কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন (Special Intensive Revision)
নির্বাচন কমিশন সূত্রে খবর, SIR শুরু হলে কমিশনের হাতে থাকবে সমস্ত প্রশাসনিক ক্ষমতা। সেই সময় কোনও BLO বা SIR-সম্পর্কিত কর্মী-অফিসারকে বদলি করা যাবে না। এছাড়া BLO-দের অন্য কোনও প্রশাসনিক বা শিক্ষাগত দায়িত্ব পালন করতে হবে না। এই সিদ্ধান্ত শিক্ষক-বিএলওদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। শীঘ্রই এই মর্মে একটি আনুষ্ঠানিক নোটিস জারি করবে কমিশন।
দিল্লিতে বৈঠক শেষে জোর তৎপরতা কমিশনে (Special Intensive Revision)
দিল্লিতে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ২ দিনের গুরুত্বপূর্ণ বৈঠক শেষে কমিশনের সদর দফতরে এখন তৎপরতা তুঙ্গে। সূত্রের খবর, বৈঠকে পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে দ্রুত SIR শুরু করার ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে যে কোনও দিনই পশ্চিমবঙ্গে শুরু হতে পারে বিশেষ নিবিড় সমীক্ষা।
তৃণমূল বনাম বিজেপি (Special Intensive Revision)
SIR শুরু হওয়ার আগেই এই নিয়ে মুখোমুখি দুই প্রধান রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপি। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “২০২১ সালে বিজেপি বিধানসভায় ৭৭টি আসন পেয়েছিল। এবার SIR হলে ২৭-ও পেরোবে না। সবচেয়ে বেশি নাম বাদ যাবে সীমান্তবর্তী জেলাগুলির এসসি, এসটি, তফসিলি ও মতুয়া সম্প্রদায়ের ভোটারদের। অসমে আমরা দেখেছি কীভাবে হিন্দু বাঙালিদের নিপীড়ন করা হয়েছিল। বাংলায়ও বিজেপি সেই একই খেলা খেলতে চাইছে।” অন্যদিকে, বিজেপির বক্তব্য, “SIR হলে প্রায় ১ কোটি ভুয়ো নাম বাদ যাবে। তাই আতঙ্কে তৃণমূল এই সমীক্ষার বিরোধিতা করছে। প্রকৃত ভোটাররা এতে কোনও ক্ষতির মুখে পড়বেন না।”
আরও পড়ুন: Nabanna: SIR জল্পনার মাঝেই বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১৭ IAS সহ মোট ৬৪ আধিকারিক
সামনের দিনেই চূড়ান্ত ঘোষণা সম্ভব
কমিশন সূত্রে জানা গিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গে SIR শুরুর সম্ভাবনা প্রবল। তবে তার আগে BLO-দের দায়িত্ব, নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ করবে কমিশন। ফলে রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক উভয় মহলে নজর এখন নির্বাচন কমিশনের দিকেই।



