Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় মিক্সড মার্শাল আর্টসের ইতিহাসে নতুন অধ্যায় সূচনা করলেন সূচিকা তারিয়াল (Suchika Tariyal)। প্রথম ভারতীয় ফাইটার হিসেবে তিনি এশিয়ান স্তরে ব্রোঞ্জ পদক জয় করে ইতিহাস গড়েছেন। তবে এই আনন্দের আবহ দীর্ঘস্থায়ী হয়নি। স্বর্ণপদকের লড়াই অর্থাৎ ফাইনালে ওঠার ঠিক মুখে এসে মাত্র ৭০০ গ্রাম অতিরিক্ত ওজনের খেসারত দিতে হলো ৩৬ বছর বয়সী এই ভারতীয় অ্যাথলিটকে।
রিংয়ের হাড্ডাহাড্ডি লড়াই (Suchika Tariyal)
মহিলাদের ট্র্যাডিশনাল ৬০ কেজি বিভাগের সেমিফাইনালে সিঙ্গাপুরের হুই হুন তেও-এর মুখোমুখি হয়েছিলেন সূচিকা। ম্যাচের শুরু থেকেই দুই ফাইটারের মধ্যে সেয়ানে-সেয়ানে টক্কর চলে। প্রথম রাউন্ডে সিঙ্গাপুরের প্রতিযোগী বক্সিং পাঞ্চের মাধ্যমে পয়েন্টে এগিয়ে গেলেও, দ্বিতীয় রাউন্ডেই নিজের সেরা অস্ত্র ‘জুডো’কে কাজে লাগিয়ে ম্যাচে দারুণভাবে প্রত্যাবর্তন করেন সূচিকা। নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ায় ম্যাচ গড়ায় এক মিনিটের ওভারটাইমে। সেখানেও লড়াই সমানে-সমানে চললেও ম্যাচ শেষে রেফারি তেও-কে বিজয়ী ঘোষণা করেন। এই সিদ্ধান্ত মানতে না পেরে রিংয়ের কোণে কান্নায় ভেঙে পড়েন ক্ষুব্ধ সূচিকা এবং পোডিয়ামে দাঁড়াতেও অস্বীকৃতি জানান।
ভারতীয় শিবিরের চ্যালেঞ্জ (Suchika Tariyal)
রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সরব হয় ভারতীয় শিবির। নিয়মানুযায়ী ১,০০০ মার্কিন ডলার ফি জমা দিয়ে এমএমএ ফেডারেশন অফ ইন্ডিয়া অফিশিয়াল রিভিউয়ের আবেদন জানায়। ১০ সদস্যের একটি বিশেষ প্যানেল ভিডিও ফুটেজ খতিয়ে দেখে প্রাথমিক রায় বাতিল করে এবং ম্যাচটিকে ‘অমীমাংসিত’ বা ড্র ঘোষণা করে। কিন্তু জয়ের সিদ্ধান্ত নির্ধারণে নতুন জটিলতা তৈরি হয়। সতর্কবার্তা বা ‘ওয়ার্নিং’-এর দিক থেকেও দুই প্রতিযোগী সমান থাকায় শেষ পর্যন্ত আশ্রয় নিতে হয় সকালের অফিশিয়াল ওজনের ওপর।
ওজনের সামান্য পার্থক্যে ফাইনাল হাতছাড়া (Suchika Tariyal)
‘ব্রেক টাই বাই ওয়েট’ নিয়মে দেখা যায়, সকালে নেওয়া অফিশিয়াল ওজনে সিঙ্গাপুরের প্রতিযোগী তেও-এর ওজন সূচিকার চেয়ে ঠিক ৭০০ গ্রাম কম ছিল। এমএমএ স্পোর্টস ফেডারেশনের সভাপতি নিখিল কুন্দের জানান, নিয়মের এই সূক্ষ্ম পার্থক্যের কারণেই ফাইনালে ওঠার ছাড়পত্র পেয়ে যান সিঙ্গাপুরের ফাইটার। ফলে অসাধারণ লড়াই করেও সূচিকাকে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
আরও পড়ুন: Federico Valverde: চোট পেলেন ভালভার্দে, ভারতে আসতে পারবেন কি?
ভিনেশ ফোগাটের স্মৃতি (Suchika Tariyal)
এই ঘটনা স্বাভাবিকভাবেই প্যারিস অলিম্পিকে ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাটের মাত্র ১০০ গ্রাম ওজনের জন্য ফাইনালে বাতিল হওয়কে মনে করিয়ে দেয় (Suchika Tariyal)। যদিও সূচিকার ক্ষেত্রে পদক পুরোপুরি হাতছাড়া হয়নি, তবে নিশ্চিতভাবেই পদকের রঙ পরিবর্তনের বড় সুযোগ থেকে বঞ্চিত হতে হলো এই ভারতীয় ফাইটারকে।



