Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। স্কুল সার্ভিস কমিশনের আর্জি মেনে শূন্য পদে নিয়োগের সময়সীমা বৃদ্ধি করল শীর্ষ আদালত। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সঞ্জীব সচদেবার বেঞ্চ নির্দেশ দিল, নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা ৩১ অগস্ট থেকে বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করা হচ্ছে।আগামী বছরের ৩১ মে পর্যন্ত যোগ্য শিক্ষকদের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ৮ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে সোমবার আদালতে জানিয়েছে এসএসসি। ইতিমধ্যেই কয়েকজন পরীক্ষার্থীকে সুপারিশপত্রও দেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। এরপর আর সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
গুরুত্ব দেয়নি আদালত (Supreme Court)
তবে এদিন গ্রুপ সি, গ্রুপ ডি-দের বিষয়ে কোনও হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। নতুন ওবিসি তালিকার বিষয় নিয়েও কোনও মন্তব্য করেনি শীর্ষ আদালত। মামলাকারী যোগ্য শিক্ষকদের তরফে আইনজীবীরা এদিন আদালতে আবেদন জানান, যেহেতু ৩১ মে গ্রীষ্মকালীন ছুটি থাকে, তাই জুলাই মাস পর্যন্ত চাকরির মেয়াদ বাড়ানো হোক। কিন্তু সেই আবেদনে গুরুত্ব দেয়নি আদালত।
চাকরি বহাল (Supreme Court)
এসএসসি ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেবার পর সুপ্রিম কোর্ট ২০২৬ সালের ৩১ আগস্ট এর মধ্যে শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল। এরপর রাজ্যে পালাবদলের পর বর্তমান রাজ্য সরকার স্বচ্ছ ভাবে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ায় জোর দেয়। কিন্তু ওবিসি সমস্যা পত্র নিয়ে তৈরি হওয়া জটের কারণে নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের বেধে দেওয়া ডেট লাইনের মধ্যে সম্পন্ন করা সম্ভব নয় বলে জানায় রাজ্য ও কমিশন। এরপরই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ডেডলাইন আরও ৮ মাস বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করার আবেদন সুপ্রিম কোর্টে জানায় কমিশন।
আরও পড়ুন: Nepal China: নেপালে ভয়াবহ হড়পা বান: চিনের দিকে আঙুল, অভিযোগ উড়িয়ে মুখ খুলল বেইজিং
সোমবার কমিশনের সেই আবেদনে সাড়া দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা আগামী বছরের ৩১ মে পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে যোগ্য শিক্ষকদের চাকরিও ততদিন পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়ে দিল শীর্ষ আদালত।



