Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আগামী বছর অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট (Team India)। প্রতিযোগিতার মূল পর্বে নামার আগে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রোটিয়াদের বিরুদ্ধে তাদেরই মাটিতে একটি বড় ওয়ানডে সিরিজ খেলার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, এই চার থেকে ছ’ম্যাচের সিরিজ আয়োজন নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে আলোচনা শুরু হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় সিরিজ আয়োজন (Team India)
২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। ১২টি ভেন্যুর মধ্যে দক্ষিণ আফ্রিকার ৮টি, জিম্বাবুয়ের ৩টি এবং নামিবিয়ার ১টি মাঠে খেলা হবে। দক্ষিণ আফ্রিকার পেস ও বাউন্স ভরা পিচের সঙ্গে মানিয়ে নিতেই সেখানে বাড়তি ওয়ানডে খেলার অনুরোধ জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে ভারত শেষবার দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলেছিল। তবে সেবার টেস্ট সিরিজকে প্রাধান্য দেওয়ায় প্রথম সারির বহু ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
দক্ষিণ আফ্রিকায় ভারত (Team India)
দক্ষিণ আফ্রিকার মাটিতে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের ইতিহাস বেশ পুরনো। ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল এখানেই ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে রানার্স হয়েছিল। যদিও পরবর্তী সময়ে ২০০৭ সালে এখানেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত, তবে প্রোটিয়া মুলুকে ওয়ানডে ফরম্যাটে ভারতের সামগ্রিক রেকর্ড খুব একটা স্বস্তিদায়ক নয়। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে ৫৯টি ওয়ানডে ম্যাচ খেলে ভারত জয় পেয়েছে ২৪টিতে, হেরেছে ৩১টিতে। পাশাপাশি তিনটি ম্যাচের কোনও ফল হয়নি এবং একটি ম্যাচ টাই হয়েছে।
আরও পড়ুন: Khalid Jamil: হাই-ভোল্টেজ ম্যাচে স্মার্ট ফুটবল খেলবে ভারত? কী বার্তা দিলেন খালিদ?
বিশ্বকাপের আগে চূড়ান্ত পরিকল্পনা (Team India)
ঘরের মাঠে বা এশিয়ার বাইরে দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক পিচ এবং কন্ডিশন সবসময়ই ভারতীয় ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় (Team India)। পরিসংখ্যানের এই ঘাটতি কাটিয়ে উঠতে এবং বিশ্বকাপের আগে দলের কম্বিনেশন গুছিয়ে নিতে দক্ষিণ আফ্রিকা সিরিজটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বিসিসিআই। চূড়ান্ত সূচি ঘোষণা না হলেও, বোর্ডের এই তৎপরতা স্পষ্ট যে আগামী বিশ্বকাপের জন্য কোনও ফাঁকফোকর রাখতে নারাজ টিম ম্যানেজমেন্ট।



