Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিশ্বভারতীর প্রথম ইন্ডাস্ট্রি–অ্যাকাডেমিয়া মিট ‘কনফ্লুয়েন্স ২০২৫’ (Visva Bharati’s Confluence 2025)। দীর্ঘ প্রস্তুতির পর শুরু হতে চলেছে এই ঐতিহাসিক উদ্যোগ, যার মূল উদ্দেশ্য হলো শিক্ষাক্ষেত্র ও শিল্পক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা। বিশ্ববিদ্যালয় ও শিল্পজগতের পারস্পরিক সহযোগিতা গড়ে তুলে শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এই কর্মসূচির প্রধান লক্ষ্য।

শিক্ষার সঙ্গে শিল্পজগতের মেলবন্ধন (Visva Bharati’s Confluence 2025)
বিশ্বভারতীর পরিকল্পনা অনুযায়ী, এখন থেকে মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং-এর মতো বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগেও ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করা হবে। এর ফলে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি হাতে–কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। আগে কৃষি বিভাগের মতো সীমিত কয়েকটি বিভাগেই ক্যাম্পাসিং ও প্লেসমেন্টের ব্যবস্থা ছিল। এবার এই সুযোগকে সব বিভাগে সম্প্রসারিত করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, অবকাঠামো উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতায় শিল্পোদ্যোগীদের সক্রিয় ভূমিকা রাখার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

শিল্পোদ্যোগীদের যুক্ত করার লক্ষ্য (Visva Bharati’s Confluence 2025)
অতীতে যেমন রতন কুটির, গোয়েঙ্কা ও বিড়লা হোস্টেল নির্মাণে শিল্পপতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তেমনই উদ্যোগ আবারও দেখতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানান, “প্রথাগত সিলেবাসে আবদ্ধ না থেকে শিল্পক্ষেত্রের বাস্তব প্রয়োজন অনুযায়ী শিক্ষার বিষয়বস্তু ও প্রশিক্ষণ পদ্ধতি তৈরি করাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।” সংস্থাগুলির সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, নতুন শিক্ষাক্রম ও কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের দিক খুলবে বলে তিনি আশাবাদী। দেশ–বিদেশের সরকারি, আধা–সরকারি ও বেসরকারি প্রায় ২০০টিরও বেশি সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই ৭৫টি সংস্থা অংশগ্রহণে সম্মতি জানিয়েছে।
শিক্ষার্থীদের সৃজনশীল স্পর্শ (Visva Bharati’s Confluence 2025)
লিপিকা প্রেক্ষাগৃহ ও তার আশপাশের প্রাঙ্গণ নতুন সাজে সেজেছে। এই আয়োজনের ভিজ্যুয়াল কনসেপ্ট ও সাজসজ্জার দায়িত্ব নিয়েছে শিল্পসদন। শিক্ষার্থীরাই নিজের হাতে তৈরি করেছেন শিল্প ইনস্টলেশন ও ভাস্কর্য পুরনো ও অব্যবহৃত উপকরণ যেমন বাঁশ, কাঠ, টেরাকোটা, শঙ্খ ও লোহার খণ্ডাংশ ব্যবহার করে তাঁরা এক অনন্য শৈল্পিক রূপ সৃষ্টি করেছেন। স্থানীয় ঐতিহ্য ও আধুনিকতার সংলাপ ফুটে উঠেছে এই সৃষ্টিতে।
আরও পড়ুন: Defence Sector Stock: আজ নজর রাখুন ডিফেন্স সেক্টরের এই স্টকে, বলছেন বিশেষজ্ঞরা
সৃজন ও সংযোগের মঞ্চ
দু’দিনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হবে একটি শিল্প মেলা ও প্রদর্শনী। এখানে অংশ নেবে দেশি–বিদেশি সংস্থা, শিল্পসদন ও কলাভবনের ছাত্রছাত্রী। সংস্থাগুলি নিজেদের শিল্পপণ্য প্রদর্শন করবে, পাশাপাশি আলোচনা হবে স্থানীয় কারুশিল্পকে কীভাবে ডিজিটাল ও অনলাইন বাজারে পৌঁছে দেওয়া যায়, সে নিয়েও। বিশ্বভারতী পাঁচটি স্টল করবে, আর সংস্থাগুলির তরফে ১২টি স্টল রাখা হয়েছে। এই প্রদর্শনীগুলির উদ্বোধন করবেন মুখ্য অতিথি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।



