Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে ৯৪ রানের বিশাল জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Women’s Asia Cup 2026)। প্রথম ম্যাচেই রেকর্ড গড়লেন দিপ্তী শর্মা এবং স্মৃতি মন্ধানা। মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন দীপ্তি। বড় রানের ইনিংস না খেলতে পারলেও রেকর্ড গড়েছেন স্মৃতি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৫৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের বিধ্বংসী আক্রমণের মুখে পড়ে থাইল্যান্ড মাত্র ৬৫ রানে গুটিয়ে যায়। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল এই জয়ে টুর্নামেন্টে দারুণভাবে নিজেদের আধিপত্য বিস্তার করেছে।
দীপ্তি শর্মার অবিশ্বাস্য বোলিং (Women’s Asia Cup 2026)
ম্যাচের মূল আকর্ষণ ছিলেন অলরাউন্ডার দীপ্তি শর্মা, যিনি মাত্র ১.১ ওভার বল করে কোনও রান না দিয়ে ৩টি উইকেট শিকার করেন। তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ১.১-১-০-৩। এই ম্যাচটি ছিল তাঁর কেরিয়ারের ১৫০তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। এই ৩টি উইকেট নেওয়ার সুবাদে থিপাচা পুথাওয়ংকে পেছনে ফেলে তিনি মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিকে বিশ্বের সর্বোচ্চ উইকেটশিকারি (১৭১ উইকেট) হওয়ার গৌরব অর্জন করেন। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়কেই সবসময় বেশি প্রাধান্য দেন এই তারকা স্পিনার।
আরও পড়ুন: CFL Derby: কলকাতা লিগে ফের ডার্বি জট! ম্যাচ নিয়ে অনিশ্চয়তা
রেকর্ড স্মৃতি মন্ধানার (Women’s Asia Cup 2026)
বড় ইনিংস খেলতে না পারলেও নতুন রেকর্ড গড়েছেন স্মৃতি মন্ধানা (Women’s Asia Cup 2026)। ইনিংসের প্রথম বাউন্ডারি মারার সঙ্গেই তিনি মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন। নিউজিল্যান্ডের সুজি বেটসকে (১০,৭৪০ রান) পেছনে ফেলে স্মৃতির বর্তমান রান সংখ্যা দাঁড়িয়েছে ১০,৭৫৬। বর্তমানে এই তালিকার শীর্ষে থাকা ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজকে (১০,৮৬৮ রান) টপকাতে স্মৃতির প্রয়োজন আর মাত্র ১১২ রান।



