Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: এবার আরও বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আদালত অবমাননার নোটিস পাঠাল কলকাতা হাইকোর্ট(21 July HC)।
আদালত অবমাননার নোটিস (21 July HC)
অভিযোগ, আদালতের নির্দেশ অগ্রাহ্য করে, শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় যানচলাচল প্রায় স্তব্ধ করে, সাধারণ মানুষকে হয়রানি করে গত বছর ২১ জুলাই শহিদ দিবসের অনুষ্ঠান করছে তৃণমূল কংগ্রেস। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালত অবমাননার নোটিস দিল হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁদের বক্তব্য দ্রুত আদালতে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩ জুলাই মামলার শুনানির সম্ভাবনা ।
২০১৮ সালে তৃণমূল কংগ্রেস সহ ৩৮ টি রাজনৈতিক দলকে নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় হাইকোর্টের বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চপর্যবেক্ষণ ছিল, যেকোনও রাজনৈতিক দলের বড় কোনও সভা বা মিছিল হলে রাস্তায় ব্যাপক যানজট হয়। তাতে চরম হয়রানের শিকার হতে হয় নিত্যযাত্রী এবং সাধারণ মানুষকে। অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরি পরিষেবাও ব্যাহত হয়। রাজনৈতিক সভা ও মিছিলের জন্য জনজীবনকে এইভাবে স্তব্ধ করে দেওয়া যায় না।
সেই সময় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রাজনৈতিক মিটিং করার জন্য কোনও বড় বা প্রধান রাস্তা বন্ধ করা যাবে না। জরুরি পরিষেবা যাতে ব্যাহত না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে। তা সংবাদমাধ্যমে জানিয়ে আগে থেকে জনগণকে জানিয়ে রাখতে হবে। রাস্তার একটি অংশ সব সময় পথচারী এবং যানবাহন চলাচলের জন্য খোলা রাখতে হবে। রাজনৈতিক মিটিং মিছিল থেকে কোনও অশান্তি বা ভাঙচুরের ঘটনা ঘটলে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে(21 July HC)।
অভিযোগ কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পরও গত বছর ধর্মতলায় রাস্তা আটকে তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অভিযোগে সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। শুক্রবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। সেই মামলাতেই আদালত অবমাননার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠাল হাইকোর্ট(21 July HC)। এই ব্যাপারে তাঁদের বক্তব্য আদালতে দ্রুত জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩ জুলাই এই মামলার শুনানির সম্ভাবনা।



