Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সাতসকালেই ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ (Islamabad Fire)। শহরের Pakistan Institute of Medical Sciences (PIMS) হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড ওয়ার্ডের নার্সারিতে আগুন লেগে মর্মান্তিক মৃত্যু হয়েছে অন্তত ১৫ জন সদ্যোজাতের। আগুন লাগার সময় ওই ওয়ার্ডে মোট ১৬ জন নবজাতক ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাঁদের মধ্যে মাত্র একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

তৃতীয় তলার নার্সারিতে আগুনের সূত্রপাত (Islamabad Fire)
স্থানীয় প্রশাসন ও সংবাদমাধ্যমের প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার সকাল প্রায় ৭টা নাগাদ হাসপাতালের তৃতীয় তলায় মাদার অ্যান্ড চাইল্ড ওয়ার্ডের নার্সারিতে আচমকাই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভিতরে থাকা সদ্যোজাতদের নিরাপদে বের করে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
প্রাথমিক তদন্তে হাসপাতালের একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসারে বিস্ফোরণকে আগুনের সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে সেটিই আগুনের চূড়ান্ত কারণ কিনা, তা এখনও নিশ্চিত নয়।
ছ’টি দমকলের ইঞ্জিন, শুরু হয় উদ্ধারকাজ (Islamabad Fire)
আগুনের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। মোট ছ’টি ফায়ার ব্রিগেডের ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পরই নার্সারিতে উদ্ধারকাজ শুরু করা হয়। কিন্তু ততক্ষণে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ১৫ জন নবজাতককে আর বাঁচানো সম্ভব হয়নি। আগুন নেভানোর পরও হাসপাতালের ক্ষতিগ্রস্ত অংশে দীর্ঘক্ষণ কুলিং অপারেশন চালানো হয়, যাতে ফের আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা না থাকে।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন
এই মর্মান্তিক ঘটনার পর হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এসির রক্ষণাবেক্ষণে কোনও গাফিলতি ছিল কিনা, বৈদ্যুতিক সংযোগে ত্রুটি ছিল কিনা এবং আগুন লাগার পর জরুরি পরিস্থিতিতে নবজাতকদের দ্রুত সরিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা ছিল কিনা সবই খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দ্রুত ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং মৃত শিশুদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: Perfume: গন্ধকে সত্যিই বন্দি করা যায়! ‘পারফিউম’- সিনেমায় রয়েছে সেই রহস্য
দু’দিনের ব্যবধানে ফের নবজাতকের মৃত্যু
ইসলামাবাদের এই ঘটনা আরও বেদনাদায়ক হয়ে উঠেছে কারণ এর মাত্র দু’দিন আগেই ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে তিন নবজাতকের মৃত্যু হয়েছিল। সেখানে শিশুদের জন্য নির্দিষ্ট বিভাগে আগুন লাগার পর বেশ কয়েকজনকে দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হলেও তিন শিশুর প্রাণ রক্ষা করা যায়নি।



