Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: হড়পা বানে ভয়ঙ্কর বিপর্যয় নেপালে(Nepal Disaster)। সরকারি হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৬২। নিখোঁজ অন্তত ৭৫০। তাঁদের মধ্যে রয়েছে শতাধিক ভারতীয়। নেপালের এই হড়পা বান ও বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসঙ্গে দিলেন পাশে থাকার বার্তা।
শুভেন্দুর পাশে থাকার বার্তা(Nepal Disaster)
এই ভয়াবহ বিপর্যয়ে (Nepal Disaster) শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেপালের মানুষের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পর্যটক, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন তিনি। নেপালে বিপর্যয়ের খবর পেয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ফলে ঘটে যাওয়া এই বিপর্যয়কর মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগে যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, সেই সমস্ত শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। নেপালের মানুষের পাশে আমরা আছি।”
কৈলাস যাত্রীদের নিয়ে উদ্বেগ প্রকাশ(Nepal Disaster)
কৈলাস মানস সরোবর যাত্রায় অংশ নিতে যাওয়া তীর্থযাত্রীদের অধিকাংশই নিখোঁজ। শতাধিকেরও বেশি ভারতীয় পর্যটক নিখোঁজ। এই খবর শুনেই উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য সরকার প্রতিবেশী নেপালের পাশে রয়েছে। তিনি লেখেন, “১০০-রও বেশি ভারতীয় পর্যটক তথা কৈলাস মানসরোবর যাত্রায় যাওয়া তীর্থযাত্রীদের নিখোঁজ হওয়ার খবরে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। পশ্চিমবঙ্গ থেকে যারা নেপাল ভ্রমণে গিয়েছেন, সেই সকল তীর্থযাত্রী ও পর্যটকদের অথবা কর্মসূত্রে যাওয়া ব্যবসায়ী ও কর্মীরা যারা এই দুর্যোগের দিনে বিপদের সম্মুখীন হয়েছেন, সেই সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় পশ্চিমবঙ্গ সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে।”
পশ্চিমবঙ্গ সরকার কাঠমাণ্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় রেখে কাজ করছে বলেও তিনি জানান। পশ্চিমবঙ্গের ঠিক কতজন ব্যক্তি নিখোঁজ বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে এবং তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলছে। আটকে পড়া ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং দ্রুত সহায়তা ও উদ্ধারকাজ নিশ্চিত করতে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন: Akashvani Kolkata: একশো বছরেও ম্লান হয়নি ‘মহিষাসুরমর্দিনী’, শতবর্ষে আকাশবাণী
জরুরি হেল্পলাইন চালু (Nepal Disaster)
রাজ্য সরকারের তরফে জরুরি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। নিখোঁজ বা আটকে পড়া ব্যক্তিদের পরিবারের জন্য ভারতীয় দূতাবাসের জরুরি নম্বর—+977 985 131 6807 এবং +977 970 910 7500। পশ্চিমবঙ্গ সরকারের তরফেও ভবানী ভবনে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যোগাযোগ করা যাবে 03324793311 এবং 9147890181 নম্বরে। উদ্ধারকাজ এখনও চলছে। নিখোঁজদের সন্ধানে নেপালি নিরাপত্তাবাহিনী ও উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার পাশাপাশি আটকে পড়া ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য।
আরও পড়ুন: West Bengal Weather: ফের বৃষ্টির ভ্রুকুটি! কোথায় ভারী বৃষ্টি? বড় আপডেট দিল হাওয়া অফিস


