Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অনুষ্কা জোয়ারদার: ৭ সেপ্টেম্বর ছিল মানসী সিনহা পরিচালিত ছবি ‘বেগনি রঙের আলো’-র সাংবাদিক সম্মেলন (Sohini Sarkar) । সেখানে উপস্থিত ছিলেন ছবির অভিনেত্রী সোহিনী সরকার, পরিচালক মানসী সিনহা-সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। ২০২৫ সালের জুন মাসের শুরুতেই ছবির শুটিং শুরু হয়েছিল। জ্যৈষ্ঠের কাঠফাটা গরমে কলকাতার একাধিক জায়গায় চলেছিল শুটিং। উত্তর কলকাতার কাশীমিত্র শ্মশানঘাট সংলগ্ন এলাকায় গঙ্গার ধারে ছবির বেশ কিছু দৃশ্যের শুটিং বিশেষভাবে নজর কেড়েছিল। পড়ন্ত রোদ, সামনে গঙ্গা, চারপাশে প্রায় নির্জন পরিবেশ—তার মধ্যেই ক্যামেরার সামনে ও পিছনে ব্যস্ত ছিলেন ছবির কলাকুশলীরা।
সাদামাটা অথচ গভীর—সোহিনীর সেই ছবি কেন ভাইরাল? (Sohini Sarkar)
শুটিংয়ের সময় থেকেই ‘বেগনি রঙের আলো’ নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছিল। বিশেষ করে গঙ্গার ধারের সিঁড়িতে বসে থাকা সোহিনী সরকারের একটি ছবি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে। সাদামাটা সুতির শাড়ি, উস্কোখুস্কো চুল এবং মুখের অভিব্যক্তিতে এক অদ্ভুত স্নিগ্ধতা—ছবির সেই মুহূর্ত যেন গল্পের আবেগকে অনেকটাই সামনে এনে দিয়েছিল। প্রথমদিনের শুটিংয়ের দৃশ্য থেকেই ইঙ্গিত মিলেছিল, ছবির নায়িকার জীবনে কোনও প্রিয়জনকে হারানোর বেদনা রয়েছে। আর সেই আবেগই ধীরে ধীরে ছবির গল্পের সঙ্গে মিশে যায়।
মা-মেয়ের সম্পর্কের গল্পে একঝাঁক নতুন মুখ (Sohini Sarkar)
‘বেগনি রঙের আলো’-র মূল কেন্দ্রে রয়েছে মা ও মেয়ের সম্পর্ক। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা ঘোষ এবং চন্দন সেন। প্রযোজনা সংস্থা ‘পথ চলতি গল্প!’-এর প্রযোজক পৌলোমী রায়। সহ-প্রযোজক বিশ্বরূপ চক্রবর্তী শুধু প্রযোজনার দায়িত্বেই থাকছেন না, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করেছেন। শৈলী সরকারের স্বামীর চরিত্রে দেখা যাবে তাঁকে। সাংবাদিক সম্মেলনে বিশ্বরূপ জানান, এই ছবির হাত ধরেই তাঁর প্রযোজনা এবং অভিনয় জগতে পথচলা। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি নিয়ে তিনি ভীষণ নার্ভাস, তবে সকলের কাছ থেকে সহযোগিতাও পেয়েছেন। ছবিতে রয়েছে একাধিক নতুন মুখ। শুভম রাইকে দেখা যাবে এক নতুন চরিত্রে। পেশায় আইটি কর্মী শুভমের অভিনয় জগতে এটাই নতুন অধ্যায়।
মাতৃত্বের অপেক্ষায় সোহিনী (Sohini Sarkar)
ছবির গল্পের পাশাপাশি সাংবাদিক সম্মেলনে স্বাভাবিকভাবেই উঠে আসে সোহিনী সরকারের ব্যক্তিগত জীবনের কথাও। বর্তমানে মাতৃত্বের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরই তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। নিজের গর্ভাবস্থার অনুভূতি ভাগ করে নিয়ে সোহিনী জানান, এই সময়ের প্রতিটি মুহূর্ত তিনি উপভোগ করছেন। বিশেষ করে বেবি কিক তাঁর কাছে হয়ে উঠেছে অত্যন্ত আনন্দের বিষয়। হবু বাবা শোভন গাঙ্গুলীও তাঁকে যথেষ্ট প্যাম্পার করছেন এবং নানা রকম রান্না করে খাওয়ানোর চেষ্টা করছেন, যদিও এই সময়ে তাঁর বিশেষ কিছু খেতে ইচ্ছা করছে না। এমনকী সন্তানের নামও ভেবে ফেলেছেন শোভন—ছেলে হলে ‘টুল’, আর মেয়ে হলে ‘টুলি’!

আরও পড়ুন: Dr Debobroto Nath Bhiravi: বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য কেন? প্রশ্ন ড: দেবব্রত নাথ ভৈরবীর
অন্যদিকে, ছবিটি নিয়ে সোহিনীর সবচেয়ে বেশি আকর্ষণের জায়গা ছিল গল্পের সিম্প্লিসিটি। দীর্ঘ অপেক্ষা এবং মুক্তির তারিখ নিয়ে নানা সমস্যার পর অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী ২৫ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ‘বেগনি রঙের আলো’। মা-মেয়ের সম্পর্ক, হারানোর বেদনা, জীবনের সরল আবেগ এবং একঝাঁক নতুন মুখ—সব মিলিয়ে ছবিটি দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারে, এখন সেটাই দেখার।



