Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনকে (BRICS Summit) ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারত মণ্ডপমে বসতে চলেছে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আতিথেয়তায় এক ছাদের তলায় হাজির হবেন বিশ্বের একাধিক প্রভাবশালী রাষ্ট্রনেতা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও থাকছেন এই সফরে। ২০১৯ সালের পর এটাই জিনপিংয়ের প্রথম ভারত সফর।
আতিথেয়তার বিশেষ ব্যবস্থা (BRICS Summit)
রাষ্ট্রনেতাদের থাকার জন্য দিল্লির অভিজাত তিনটি (BRICS Summit) পাঁচতারা হোটেলকে বেছে নেওয়া হয়েছে। চাণক্যপুরীর দ্য লীলা প্যালেস, লুটিয়েন্স দিল্লির তাজ মহল এবং কনট প্লেসের দ্য ললিতে অতিথিদের আতিথেয়তার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার পাশাপাশি তাঁদের খাবারের তালিকাতেও থাকছে চমক।
অভিনব আয়োজন (BRICS Summit)
তাজ মহলে দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী স্বাদের জলখাবার পরিবেশন করা হবে। কাশ্মীর, দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, বাংলা ও তামিলনাড়ুর জনপ্রিয় পদ জায়গা করে নিচ্ছে মেনুতে। অন্যদিকে লীলা প্যালেসে থাকছে ভোজ্য পদ্মফুল, মিলেট কুকিজ, গ্রানোলা বার ও ভেষজ পানীয়ের মতো অভিনব আয়োজন।
আরও পড়ুন: Bageswar Baba: আমিষ বিতর্কে বাগেশ্বরের সাফাই, গ্লাসগো থেকে কী বললেন বাবা?
দ্য ললির মেনুতেও দেখা যাবে আন্তর্জাতিক রন্ধনশৈলীর সঙ্গে ভারতীয় স্বাদের মেলবন্ধন। মিসো পেস্টে রান্না করা বেগুন থেকে শুরু করে জাপানি ধাঁচের মিষ্টি পদ-সবই থাকছে অতিথিদের জন্য।
শুধু পুতিন ও জিনপিং নন, ব্রিকসের সদস্য এবং আমন্ত্রিত দেশগুলির একাধিক রাষ্ট্রনেতাও সম্মেলনে যোগ দেবেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতির কথাও রয়েছে। ফলে কূটনৈতিক আলোচনার পাশাপাশি দিল্লির আতিথেয়তাও এবার নজরের কেন্দ্রে।


