Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শ্যাম দাস, আসানসোল: শুক্রবার সকাল। ব্যাঙ্কের দরজায় (Bank Strike) তালা। কাউন্টার ফাঁকা। কাজের আশায় এসে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের। পাঁচ দিনের কর্মদিবস-সহ একগুচ্ছ দাবিতে শুক্রবার দেশজুড়ে ২৪ ঘণ্টার ব্যাঙ্ক ধর্মঘট-এর জেরে ব্যাহত হল স্বাভাবিক ব্যাঙ্কিং পরিষেবা। কর্মী ও আধিকারিকদের যৌথমঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স (SBi)-এর ডাকে এই ধর্মঘটে সামিল হয়েছেন ব্যাঙ্ক কর্মীরা।
ব্যাঙ্কে এসেও মিলছে না পরিষেবা (Bank Strike)
সবচেয়ে বেশি বিপাকে সাধারণ (Bank Strike) গ্রাহক। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বহু শাখায় পরিষেবা কার্যত থমকে যাওয়ায় নগদ লেনদেন, চেক-সংক্রান্ত কাজ-সহ শাখাভিত্তিক নানা পরিষেবা ব্যাহত হয়েছে। জরুরি প্রয়োজনে ব্যাঙ্কে এসে পরিষেবা না পেয়ে ক্ষোভও ছড়িয়েছে বিভিন্ন জায়গায়।
কদিন বন্ধ ব্যাঙ্ক? (Bank Strike)
তবে ভোগান্তির এখানেই শেষ নয়। ধর্মঘটের পর টানা দু’দিন এমনিতেই ব্যাঙ্ক বন্ধ। ১২ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার এবং ১৩ সেপ্টেম্বর রবিবার। ফলে শুক্রবারের ধর্মঘটের সঙ্গে মিলিয়ে বহু গ্রাহকের জন্য তৈরি হয়েছে টানা তিন দিনের অচলাবস্থা। তার পর ১৪ সেপ্টেম্বর সোমবার কয়েকটি রাজ্যে গণেশ চতুর্থীর সরকারি ছুটি থাকায় দেশের কিছু অংশে ব্যাঙ্ক বন্ধের মেয়াদ গড়াতে পারে চার দিনেও।
আরও পড়ুন: Bageswar Baba: আমিষ বিতর্কে বাগেশ্বরের সাফাই, গ্লাসগো থেকে কী বললেন বাবা?
ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির অন্যতম প্রধান দাবি-সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক খোলা রেখে শনিবার ও রবিবার পূর্ণাঙ্গ ছুটি। দীর্ঘদিনের এই দাবি এখনও কার্যকর না হওয়ায় ক্ষোভ রয়েছে কর্মী সংগঠনগুলির মধ্যে। এর পাশাপাশি পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ (PLI) ব্যবস্থার পর্যালোচনা, পেনশন আপডেট-সহ একাধিক অমীমাংসিত বিষয় দ্রুত মেটানোর দাবিও রয়েছে। সংগঠনগুলির বক্তব্য, “দীর্ঘদিন ধরে বিষয়গুলি নিয়ে আলোচনা চললেও প্রত্যাশিত সমাধান মেলেনি। আজকের ধর্মঘটকে ‘শেষ লড়াই’ ভাবার কারণ নেই। দাবি পূরণ না হলে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর টানা তিন দিনের দেশব্যাপী ধর্মঘট-এর হুঁশিয়ারি দিয়েছে UFBU। তাতেও কাজ না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের পথে যাওয়ার কথা জানিয়েছে সংগঠনগুলি।”
ফলে সামনে ফের অনিশ্চয়তা। উৎসবের মরসুমের আগে ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে তৈরি হয়েছে নতুন আশঙ্কা। এখন নজর আলোচনার দিকে-সমঝোতায় থামবে আন্দোলন, নাকি ফের ধর্মঘটের ধাক্কায় থমকে যাবে ব্যাঙ্কের চাকা?


