Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পলাশ নস্কর: হাতে হ্যান্ড মাইক, সঙ্গে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা (Agnimitra Paul)। বিধাননগর পৌর নিগম এলাকার রাস্তায় নেমে এবার ফুটপাত দখল, বেআইনি পার্কিং এবং অপরিচ্ছন্নতার বিরুদ্ধে সরব হলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার সল্টলেকের CA মার্কেটে একটি ভেন্ডিং মেশিনের উদ্বোধনে এসে আচমকাই মাইক হাতে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি।

১০ টাকায় পরিবেশবান্ধব ব্যাগ (Agnimitra Paul)
CA মার্কেটে উদ্বোধন করা হয় একটি ভেন্ডিং মেশিন। মাত্র ১০ টাকা দিলেই সেখান থেকে পাওয়া যাবে পরিবেশবান্ধব ব্যাগ। প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বাজার পরিষ্কার রাখার বার্তা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। মাইক হাতে প্রথমে CA মার্কেটেই সচেতনতা প্রচার চালান তিনি। যেখানে-সেখানে ময়লা বা থুতু না ফেলা এবং বাজার পরিষ্কার রাখার আবেদন জানান।
৩৯ নম্বর ওয়ার্ডে সরেজমিনে পরিদর্শন (Agnimitra Paul)
এরপর বিধাননগর পৌর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে পরিদর্শনে বের হন অগ্নিমিত্রা পাল। চলন্ত গাড়ি থেকেই হ্যান্ড মাইক হাতে স্থানীয়দের উদ্দেশে একের পর এক বার্তা দিতে দেখা যায় তাঁকে। পুলিশের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। মার্কেটের বাইরে যাতে বেআইনিভাবে কেউ বসতে না পারেন, তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেন তিনি।

বেআইনি স্পা ও লজ নিয়েও কড়া বার্তা (Agnimitra Paul)
এলাকায় বেআইনি স্পা এবং অনুমতিহীন লজ সংক্রান্ত অভিযোগ নিয়েও পুলিশকে সতর্ক করেন মন্ত্রী। তাঁর বক্তব্য, বাড়ির মধ্যে স্পা চালাতে হলে প্রয়োজনীয় অনুমতি থাকতে হবে। অনুমতি ছাড়া কোনও স্পা বা লজ চলতে দেওয়া হবে না। মানুষের নিরাপত্তার সঙ্গে কোনও রকম আপস করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।
গাড়ির পার্কিংয়ের জন্য নয় (Agnimitra Paul)
পরিদর্শনের সময় একাধিক জায়গায় ফুটপাতের উপর গাড়ি ও মোটরবাইক পার্ক করা, নির্মাণসামগ্রী রাখা এবং দোকানের মাধ্যমে ফুটপাত দখলের ছবি ধরা পড়ে। হ্যান্ড মাইকে মন্ত্রী বলেন, ফুটপাত মানুষের চলাচলের জন্য। সেখানে গাড়ি রাখা যাবে না। বেআইনি পার্কিং করলে জরিমানা করা হবে বলেও সতর্ক করেন তিনি।
নাইট পার্কিং নিয়েও কড়া অবস্থান (Agnimitra Paul)
বাড়ি তৈরির সামগ্রী ফুটপাত বা রাস্তার ধারে ফেলে রাখা নিয়েও আপত্তি জানান অগ্নিমিত্রা পাল। তাঁর নির্দেশ, বিকেলের মধ্যেই বেআইনি ভাবে রাখা সামগ্রী সরিয়ে ফেলতে হবে। সারা রাত রাস্তার ধারে গাড়ি রেখে দেওয়ার বিরুদ্ধেও সরব হন তিনি। তাঁর দাবি, নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা ব্যবহার করতে হবে এবং তার জন্য সরকারকে নির্ধারিত অর্থ দিতে হবে।
পরিচ্ছন্ন সল্টলেকের বার্তা
জল জমে থাকা, ময়লা-আবর্জনা, খালি জমিতে ঝোপঝাড় কিংবা রাস্তার ধারে নির্মাণসামগ্রী—কোনও কিছুই ফেলে রাখা যাবে না বলে জানান মন্ত্রী। একইসঙ্গে প্লাস্টিক বর্জন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং রাস্তায় ময়লা বা থুতু না ফেলার বার্তা দেন তিনি। তাঁর কথায়, শিক্ষিত মানুষের এলাকায় এমন অসচেতনতা কাম্য নয়। সাধারণ মানুষের চলাচল এবং শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে ফুটপাত খোলা রাখা জরুরি। প্রশাসন ও পুলিশের সহযোগিতায় বেআইনি পার্কিং ও দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিতও দেন অগ্নিমিত্রা পাল।



