Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: আসন্ন পুরভোটকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতিতে গতি আনল নির্বাচন কমিশন (Municipal Election)। ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং (FLC), ভোটার তালিকা সংশোধন, ভোটকেন্দ্র পরিদর্শন থেকে শুরু করে ভোটকর্মী নিয়োগ, আইনশৃঙ্খলা এবং নির্বাচনী ব্যয়ের হিসাব—প্রতিটি ক্ষেত্রেই নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই একাধিক গুরুত্বপূর্ণ কাজ শুরু হওয়ার কথা।
ইভিএম পরীক্ষা, শুরু হচ্ছে সেপ্টেম্বরের শেষেই (Municipal Election)
কমিশনের প্রস্তুতি সূচি অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং বা FLC চলবে। ইভিএমের চলাচল, পরীক্ষা এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপনার জন্য EMMS অ্যাপ্লিকেশন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। ভোটের আগে যন্ত্রগুলির কার্যকারিতা নিশ্চিত করতেই এই প্রক্রিয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ভোটার তালিকায় নজর, অক্টোবরে খসড়া (Municipal Election)
১ জুলাই ২০২৬ পর্যন্ত হালনাগাদ ভোটার তালিকা অক্টোবরের প্রথম সপ্তাহে গ্রহণ করার পরিকল্পনা রয়েছে। এরপর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে খসড়া ভোটার তালিকা। নভেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের লক্ষ্য রাখা হয়েছে। অর্থাৎ পুরভোটের আগে ভোটার তালিকা প্রস্তুতির কাজও দ্রুত এগিয়ে নিয়ে যেতে চাইছে কমিশন।
প্রয়োজন ৩৭ হাজারের বেশি কর্মী (Municipal Election)
প্রাথমিক প্রস্তুতি অনুযায়ী, প্রায় ৬৩০০টি ভোটকেন্দ্রের প্রয়োজন হতে পারে। প্রতিটি কেন্দ্রে ১+৩ অনুপাতে পোলিং কর্মী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। অতিরিক্ত কর্মীর ব্যবস্থাও রাখা হবে। সব মিলিয়ে ৩৭ হাজারের বেশি ভোটকর্মীর প্রয়োজন হতে পারে। তাঁদের নিয়োগ, তথ্য যাচাই এবং ব্যবস্থাপনায় ব্যবহার করা হবে EMMS পোর্টাল।
নিরাপত্তা থেকে ব্যয়—সব ক্ষেত্রেই প্রস্তুতি (Municipal Election)
অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে সেক্টরভিত্তিক প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র পরিদর্শন করে ন্যূনতম পরিকাঠামো নিশ্চিত করার পাশাপাশি ঝুঁকি মানচিত্রায়ন ও আইনশৃঙ্খলা নিয়েও প্রস্তুতি চলবে। একইসঙ্গে আগের পুরভোটের প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার প্রক্রিয়াও এগোবে।
আরও পড়ুন: Durga Puja 2026: মহালয়ায় ইডেনে মোদী, বিদেশের মাটিতেও দুর্গাপুজোর প্রচার
প্রেস বিজ্ঞপ্তির দিন থেকেই কার্যকর MCC
কমিশনের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণবিধি কার্যকর হবে বলে প্রস্তুতিতে উল্লেখ করা হয়েছে। তবে তা শুধুমাত্র যে পুরসভা এলাকাগুলিতে ভোটগ্রহণ হবে, সেই এলাকাতেই প্রযোজ্য থাকবে। ফলে পুরভোটের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর আগেই প্রশাসনিক স্তরে একাধিক প্রস্তুতি শেষ করার লক্ষ্যে এগোচ্ছে নির্বাচন কমিশন।



