Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। তার আগেই ধীরে ধীরে বদলাতে শুরু করেছে বাংলার আবহাওয়ার চরিত্র (Kolkata Weather)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। সব কিছু অনুকূলে থাকলে ১০ থেকে ১২ অক্টোবরের মধ্যে বাংলায় বর্ষার আনুষ্ঠানিক বিদায় হতে পারে। তবে নতুন কোনও নিম্নচাপ বা আবহাওয়াজনিত সিস্টেম তৈরি হলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।
মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম (Kolkata Weather)
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা কম। তবে মায়ানমারের গভীর নিম্নচাপের প্রভাবে বিচ্ছিন্ন মেঘপুঞ্জ তৈরি হলে কোথাও কোথাও স্থানীয়ভাবে অল্প সময়ের জন্য হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলির দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৬ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে মোটের উপর শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।
উত্তরবঙ্গে অবশ্য কিছুটা আলাদা ছবি (Kolkata Weather)
উত্তরবঙ্গের আবহাওয়ায় অবশ্য এখনই পুরোপুরি শুষ্কতার ছাপ নেই। ২ অক্টোবর গান্ধী জয়ন্তী থেকে ৪ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশার দেখা মিলছে।
এগিয়ে আসছে বর্ষার বিদায়রেখা (Kolkata Weather)
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ৩ অক্টোবরের মধ্যে বর্ষার বিদায়রেখা পূর্ব ভারতের বিহার ও ঝাড়খণ্ডের কিছু অংশ পর্যন্ত এগিয়ে আসতে পারে। এরপর পরিস্থিতি স্বাভাবিক থাকলে ১০ থেকে ১২ অক্টোবরের মধ্যে বাংলাতেও মৌসুমী বায়ুর আনুষ্ঠানিক পরিসমাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় এখনই অস্বস্তি (Kolkata Weather)
১ অক্টোবর কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। বৃষ্টি না হলেও বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ঘর্মাক্ত ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে।
তবে ৩ অক্টোবর থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা এবং শিরশিরানি ভাব অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুজোর আগে একদিকে বিদায়ের পথে বর্ষা, অন্যদিকে ধীরে ধীরে শীতের আগমনের বার্তা নিয়ে বদলাতে শুরু করবে সকালের আবহাওয়া।
আরও পড়ুন: Delhi Temperature Drop: বৃষ্টি-মেঘে কমল পারদ, দিল্লিতে ২১°! শীত কী এবার আগেই?
বৃষ্টির হিসাবে দক্ষিণে ঘাটতি, উত্তরে উদ্বৃত্ত
চলতি মরশুমের বৃষ্টির হিসাবেও রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত প্রায় ৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। ফলে বর্ষার শেষলগ্নে দুই বঙ্গের আবহাওয়ার ছবিতেও স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে।



