Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পুজোর মরশুম শুরু হওয়ার আগেই কলকাতার (LPG Price Hike) ব্যবসায়ী মহলে বাড়ল খরচের চাপ। ১ অক্টোবর থেকে শহরে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে কলকাতায় এই সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ২,৯৫৪ টাকা। তবে গৃহস্থালির রান্নার কাজে ব্যবহৃত ১৪.২ কেজি সিলিন্ডারের দামে আপাতত কোনও পরিবর্তন হয়নি। ফলে বাড়ির রান্নার ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের জন্য এই মুহূর্তে বাড়তি চাপ তৈরি হচ্ছে না।
ফের দাম বৃদ্ধি (LPG Price Hike)
চলতি বছরে বাণিজ্যিক এলপিজির দাম বৃদ্ধির (LPG Price Hike) ক্ষেত্রে এটি পরপর দ্বিতীয় মাসের পরিবর্তন। সেপ্টেম্বরের শুরুতে ১৯ কেজির সিলিন্ডারের দাম ১১ টাকা ৫০ পয়সা বেড়ে ২,৮৮৪ টাকা হয়েছিল। এক মাসের ব্যবধানে ফের ৭০ টাকা বৃদ্ধি পাওয়ায় রেস্তোরাঁ, ক্যাফে, মিষ্টির দোকান এবং অন্যান্য খাদ্য ব্যবসার পরিচালন খরচ আরও বাড়তে চলেছে।
আরও পড়ুন: Ajker Rashifal: সিদ্ধি যোগে সাফল্যের ইঙ্গিত, কেমন কাটবে আপনার দিন?
বাড়বে খাবারের দাম?
সামনেই দুর্গাপুজো। উৎসবকে কেন্দ্র করে খাবারের দোকানগুলিতে ক্রেতার সংখ্যা বাড়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় রান্না ও খাওয়াদাওয়ার আয়োজনও হয়। ফলে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার প্রভাব সরাসরি পড়তে পারে ব্যবসায়ীদের খরচের হিসাবের উপর। সেই বাড়তি খরচ সামলাতে কোথাও খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও আশঙ্কা রয়েছে।


