Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: গুরু-শিষ্যের লড়াই বলে কথা! একদিকে ভারতীয় ক্রিকেটের ‘সিক্সার কিং’ যুবরাজ সিং, অন্যদিকে তাঁরই হাতে তৈরি বিস্ফোরক ব্যাটার অভিষেক শর্মা (Yuvraj Singh)। ব্যাট হাতে নিউজিল্যান্ডের বোলারদের তুলোধোনা করে সিরিজ ভারতের পকেটে পুরে দিয়েছেন অভিষেক। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি! তাতেও অবশ্য গুরুর মন ভরল না। বরং এত রান করেও কেন যুবরাজের ১২ বলে হাফসেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারলেন না শিষ্য, সেই খোঁচা দিতে ছাড়লেন না তিনি। আর তাতেই জমে উঠল সোশ্যাল মিডিয়ায় গুরু-শিষ্যের মজার লড়াই!
মন ভরল না গুরুর! (Yuvraj Singh)
নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেকের ব্যাট যেন আগুন ঝরাল। প্রথমে মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি, তারপর ৩৫ বলেই তিন অঙ্কের রান! এর আগেও ৩০ বলে সেঞ্চুরি করার নজির রয়েছে তাঁর। কেরিয়ারে চতুর্থ টি-টোয়েন্টি সেঞ্চুরি করে আরও একবার বুঝিয়ে দিলেন, কেন তাঁকে ভারতের অন্যতম বিধ্বংসী ব্যাটার বলা হচ্ছে। তিনবার ৪০ বলের কমে সেঞ্চুরি, আবার তিনবার ১৫ বা তার কম বলে হাফসেঞ্চুরি—রেকর্ডের পাতায় একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছেন অভিষেক। কিন্তু গুরুর রেকর্ডের সামনে এসে যেন আটকে গেলেন সেই শিষ্যই!
যুবরাজের রেকর্ড অক্ষত (Yuvraj Singh)
সালটা ২০০৭। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছিলেন যুবরাজ সিং। সেই ম্যাচেই মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি—ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতরানের নজির। এত বছর পরেও রেকর্ডটি অক্ষত। অভিষেক একাধিকবার তার কাছাকাছি পৌঁছেছেন, কিন্তু শেষ পর্যন্ত গুরুর সিংহাসনে হাত দিতে পারেননি। আর সেই সুযোগটাই বা যুবরাজ ছাড়বেন কেন?
খোঁচা যুবির (Yuvraj Singh)
অভিষেকের বিধ্বংসী ইনিংস দেখেও প্রশংসার ফুলঝুরি নয়, প্রথমে এল গুরুর মজার খোঁচা! যুবরাজ লিখলেন, ‘এবারও ১২ বলে ৫০ করতে পারলে না তো!’ ব্যস, ক্রিকেটপ্রেমীদের সামনে খুলে গেল গুরু-শিষ্যের খুনসুটির নতুন অধ্যায়। একদিকে শিষ্যের ব্যাটে রানের বন্যা, অন্যদিকে গুরুর পুরনো রেকর্ডের দাপট! তবে শুধু অভিষেক নন, বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়েও মুগ্ধ যুবরাজ। দু’জনের প্রশংসা করে তাঁর মন্তব্য, ‘যেন নিজেদের উঠোনে খেলছে।’ অর্থাৎ নিউজিল্যান্ডের বোলারদের সামনে ভারতীয় তরুণদের দাপট দেখে মজার ছলেই প্রশংসা করলেন তিনি।
গুরুর সামনে মাথা নোয়ালেন শিষ্য (Yuvraj Singh)
যুবরাজের খোঁচার জবাব দিতে গিয়ে অবশ্য পালটা কটাক্ষের পথে হাঁটলেন না অভিষেক। বরং গুরুর কীর্তির সামনে মাথা নুইয়েই নিজের বক্তব্য রাখলেন তিনি। ম্যাচের পর অভিষেক বলেন, “আমি আগেও এই বিষয়ে কথা বলেছি। আমি জানি না, উনি ওই সময়ে কীভাবে এত ভালো ক্রিকেট খেলতেন। তবে তখন খেলা আরও কঠিন ছিল। হঠাৎ করে মাঠে নেমে ১২ বলে ৫০ রান করা সহজ কাজ নয়। ওটা এক-আধবার হয়।” অর্থাৎ ৩৫ বলে সেঞ্চুরি করেও অভিষেকের চোখে যুবরাজের ১২ বলের হাফসেঞ্চুরি আজও বিশেষ কীর্তি। গুরুর রেকর্ড যে শুধু পরিসংখ্যান নয়, শিষ্যের কাছেও এক বিরাট মাপকাঠি, তা স্পষ্ট।
শেষে ‘হার’ মানলেন যুবরাজ! (Yuvraj Singh)
তবে গুরু তো আর সত্যিই শিষ্যের সঙ্গে রাগ করে বসে থাকবেন না! খোঁচার পরেই এল যুবরাজের আসল বার্তা। আরও একটি পোস্টে অভিষেকের প্রশংসা করে তিনি লিখলেন, ‘আমি তো আর ৩০ বা ৩৪ বলে সেঞ্চুরি করতে পারিনি। খুব ভালো খেলেছ অভিষেক। আর তুমি তো সিঙ্গেলও নিয়েছ।’ শেষের কথাটিতে যেন আবারও মজার ছলে শিষ্যকে খোঁচা দিলেন যুবি। পাশাপাশি বৈভব সূর্যবংশীর প্রশংসা করতেও ভুললেন না। সিরিজ জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দনও জানালেন তিনি। অর্থাৎ রেকর্ড নিজের দখলে থাকলেও শিষ্যের বিধ্বংসী ব্যাটিংকে কুর্নিশ জানাতে কোনও কার্পণ্য করলেন না গুরু।
আরও পড়ুন: Kylian Mbappe: ‘ডিক্টেটর’ মিমে মজেছিলেন এমবাপে, চিনে কোটি টাকার ধাক্কা! বাতিল বিজ্ঞাপনী চুক্তি?
জমজমাট গুরু-শিষ্যের রসায়ন! (Yuvraj Singh)
ক্রিকেটে রেকর্ড ভাঙে, নতুন তারকার জন্ম হয়। কিন্তু কিছু কীর্তি এমনই, যা বছরের পর বছর নতুন প্রজন্মের কাছেও চ্যালেঞ্জ হয়ে থাকে (Yuvraj Singh)। যুবরাজের ১২ বলে হাফসেঞ্চুরি এখনও তেমনই এক নজির। আর অভিষেক? তিনি নিজের ব্যাটে একের পর এক নতুন ইতিহাস লেখার পথে। আপাতত গুরুর রেকর্ড অক্ষত, শিষ্যের সেঞ্চুরির ঝড়ও থামার নয়। মাঠে অভিষেকের ছক্কা, আর মাঠের বাইরে যুবরাজের খোঁচা—এই যুগলবন্দি যে ভারতীয় ক্রিকেটের ভক্তদের বেশ জমিয়ে রাখছে, তা বলাই যায়!



