Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় টেনিসের অন্যতম পরিচিত মুখ সানিয়া মির্জা (Sania Mirza)। দীর্ঘদিন হল পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছেন। তবে খেলার দুনিয়ার বাইরে নানা কারণে প্রায়ই শিরোনামে উঠে আসেন তিনি। এবার হায়দরাবাদে নিজের জমিতে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিয়ে চর্চায় প্রাক্তন টেনিস তারকা। একদিকে তাঁর উদ্যোগের প্রশংসা করছেন অনেকে, অন্যদিকে জমির ব্যবহার নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ।
অ্যাকাডেমির বদলে মসজিদ (Sania Mirza)
হায়দরাবাদে সানিয়ার বেশ কয়েকটি সম্পত্তি রয়েছে। শহরের কেন্দ্রস্থলে তাঁর একটি শপিং সেন্টারও আছে। সেই শপিং সেন্টারের পাশেই রয়েছে একটি ফাঁকা জমি। জানা গিয়েছে, সেখানে টেনিস প্রশিক্ষণ কেন্দ্র তৈরির পরিকল্পনা ছিল সানিয়ার। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এবার সেই জমিতেই মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুধু জমি দান করাই নয়, মসজিদ তৈরির খরচও নিজের কাঁধে নেওয়ার কথা জানিয়েছেন প্রাক্তন টেনিস তারকা।
মসজিদের শিলান্যাস মহম্মদ আজহারউদ্দিনের (Sania Mirza)
সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন মসজিদটির শিলান্যাস করেছেন। ক্রিকেটের পাশাপাশি বর্তমানে তেলেঙ্গানার কংগ্রেস সরকারের মন্ত্রী হিসেবেও পরিচিত আজহারউদ্দিন। সানিয়ার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথাও সর্বজনবিদিত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে এলাকায় মসজিদটি তৈরি হচ্ছে, তার আশপাশে বড় কোনও মসজিদ নেই। ফলে স্থানীয় বাসিন্দাদের নমাজ পড়তে যেতে হয় বেশ খানিকটা দূরে। সেই সমস্যার কথা মাথায় রেখেই সানিয়া এই উদ্যোগ নিয়েছেন বলে জানা যাচ্ছে।
জমির ব্যবহার নিয়ে প্রশ্ন নেটিজেনদের (Sania Mirza)
সানিয়ার এই সিদ্ধান্তকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনদের একাংশের প্রশ্ন, টেনিস প্রশিক্ষণ কেন্দ্র তৈরির জন্য যে জমি তিনি সরকারের কাছ থেকে কিনেছিলেন, সেখানে অন্য কাজে নির্মাণ করা কতটা যুক্তিযুক্ত? তাঁদের মতে, টেনিস অ্যাকাডেমি তৈরি করা সম্ভব না হলে সেখানে স্কুল, হাসপাতাল কিংবা অন্য কোনও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা যেত। তা না করে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত কেন নেওয়া হল, সেই প্রশ্নও তুলছেন তাঁরা। যদিও অন্য একটি অংশ সানিয়ার পাশে দাঁড়িয়েছেন। তাঁদের মতে, স্থানীয় বাসিন্দাদের ধর্মীয় প্রয়োজনের কথা ভেবে এমন উদ্যোগ নেওয়া প্রশংসনীয়। ফলে সানিয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ব্যক্তিগত জীবনেও চর্চায় সানিয়া (Sania Mirza)
পেশাদার জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বারবার আলোচনায় উঠে এসেছেন সানিয়া। ২০১০ সালে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে, নাম ইজহান। তবে ২০২৪ সালে দু’জনের পথ আলাদা হয়ে যায়। এর মধ্যেই পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব। বিচ্ছেদের পর নিজের জীবন ও পেশাগত কর্মকাণ্ডে মন দিয়েছেন সানিয়া।
আরও পড়ুন: Neeraj Yadav: রহস্যমৃত্যু এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিটের, ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ
এখনও যুক্ত ক্রীড়াজগতের সঙ্গে (Sania Mirza)
পেশাদার টেনিস থেকে অবসর নিলেও ক্রীড়াজগতের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন সানিয়া (Sania Mirza)। কেরিয়ারে ছ’টি গ্র্যান্ড স্লাম খেতাব জিতেছেন তিনি। বর্তমানে বছরের একটা বড় সময় হায়দরাবাদ ও দুবাইয়ে কাটান এই প্রাক্তন টেনিস তারকা। দুবাইয়ে তাঁর নিজস্ব টেনিস অ্যাকাডেমিও রয়েছে। পাশাপাশি দুবাই স্পোর্টসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবেও যুক্ত তিনি। ছেলে ইজহানও দুবাইয়ে থাকে। কোর্টের বাইরে এবার হায়দরাবাদে মসজিদ নির্মাণের উদ্যোগ ঘিরেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সানিয়া মির্জা।



