Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: করবা চৌথে স্বামীর দীর্ঘায়ু কামনায় সারাদিন উপোস, সন্ধ্যায় চাঁদ দেখার পর স্বামীর মুখ দেখে উপোস ভাঙা—এটাই চেনা রীতি (Abhishek Sharma)। কিন্তু সেই চেনা রীতিতেই এবার ঢুকে পড়লেন ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন অভিষেক শর্মা! না, বিয়ে করেননি তিনি। এমনকি তাঁর বিয়ের সানাই বাজতে এখনও ঢের দেরি। কিন্তু তাতে কী? এক তরুণীর কাছে করবা চৌথের চাঁদ দেখার পর সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠলেন পঞ্জাব দা পুত্তর অভিষেক! স্বামীর জায়গায় ছাঁকনির ওপারে দেখা গেল ভারতীয় তারকার মুখ। আর সেই কাণ্ডের ভিডিওই এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।
চাঁদের বদলে ছাঁকনিতে অভিষেক! (Abhishek Sharma)
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, করবা চৌথের সাজে এক তরুণী। মাথায় ঘোমটা, হাতে পুজোর সামগ্রী। নিয়ম মেনেই দেবতার উদ্দেশে জল নিবেদন করছেন তিনি। কিন্তু আসল চমক তখনও বাকি! ফোনে অভিষেক শর্মার ছবি খুলে ছাঁকনির মধ্যে দিয়ে তাঁর মুখ দেখছেন তরুণী। শুধু তাই নয়, ছবিতে অভিষেককে স্বামী হিসেবে কল্পনা করে প্রণামও করেছেন তিনি। অর্থাৎ, বিয়ের মণ্ডপে না বসেই সরাসরি করবা চৌথের বিশেষ আসনে জায়গা করে নিলেন ভারতীয় ওপেনার! তরুণীর এক বন্ধু এই মজার মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। তারপর থেকেই ভিডিওটি নিয়ে নেটপাড়ায় হইচই।
এবার তরুণীদের হৃদয়েও ঝড়! (Abhishek Sharma)
অভিষেকের জনপ্রিয়তা যে শুধুমাত্র ক্রিকেটের বাইশ গজে আটকে নেই, তা অবশ্য নতুন করে বলার অপেক্ষা রাখে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ে কার্যত দিশেহারা প্রতিপক্ষের বোলাররা। দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের পকেটে পুরে নিয়েছে ভারত। আর সেই সাফল্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অভিষেকের মহিলা অনুরাগীর সংখ্যাও। ক্রিকেট বোঝেন বা না বোঝেন, অভিষেকের ব্যাটিং এবং ব্যক্তিত্বে মুগ্ধ অনেকেই। এবার তো একেবারে করবা চৌথের উপোসেও জায়গা করে নিলেন তিনি!
অভিষেককে নিয়ে কৌতূহলের শেষ নেই! (Abhishek Sharma)
২৬ বছর বয়সি অভিষেক এখনও অবিবাহিত। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মাঝেমধ্যেই নানা গুঞ্জন শোনা গেলেও সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে বিশেষ কিছু জানাননি ভারতীয় তারকা। তবে তাঁকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা যে কতটা, তার একটা ঝলক মিলেছিল কয়েক দিন আগেই। সঞ্জয় বাঙ্গারের কন্যা অনায়া বাঙ্গার প্রকাশ্যেই জানিয়েছিলেন, তিনি অভিষেককে বিয়ে করতে চান। এবার এক তরুণী তো আর এক ধাপ এগিয়ে করবা চৌথের উপোসই করে ফেললেন তাঁকে স্বামী কল্পনা করে! ফলে অভিষেকের জীবনে বাস্তবে বিয়ের ঘণ্টা কবে বাজবে, তা জানা না গেলেও অনুরাগীদের কল্পনার দৌড় যে অনেক দূর, তা বলাই যায়।
করবা চৌথেও ‘নম্বর ওয়ান’! (Abhishek Sharma)
অভিষেকের জন্য অবশ্য চলতি সময়টা মাঠের বাইরেও বেশ উল্লেখযোগ্য। বুধবারই টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সতীর্থ ঈশান কিষানকে সরিয়ে এক নম্বর স্থান দখল করেছেন তিনি (Abhishek Sharma)। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডকে পিছনে ফেলে প্রথমবার এই শীর্ষস্থান অর্জন করেছিলেন পঞ্জাবের বাঁহাতি ব্যাটার। চলতি বছরের জুলাইয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর ঈশান কিষান শীর্ষে উঠে এসেছিলেন। এবার ফের নিজের জায়গা ফিরে পেলেন অভিষেক।
আরও পড়ুন: Ballon D’Or 2026: মেসিকে পিছনে ফেলে সর্বকালের সেরা হয়ে কী বললেন রোনাল্ডো?
তবে ক্রিকেটের পরিসংখ্যানে এক নম্বর হওয়ার বাইরেও এবার তাঁর জনপ্রিয়তার এক অন্য মাপকাঠি সামনে এল। কারও কাছে তিনি বিধ্বংসী ওপেনার, কারও কাছে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ তারকা। আর এক তরুণীর কাছে? তিনি করবা চৌথের উপোস ভাঙার মুখ! সব মিলিয়ে, অভিষেকের ব্যাটের ঝড়ে বোলাররা তো বটেই, তাঁর মহিলা অনুরাগীরাও যে রীতিমতো বোল্ড, তা নিয়ে আর কোনও সন্দেহ রইল না!



