Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: লিওনেল মেসিকে পিছনে ফেলে সর্বকালের সেরা ব্যালন ডি’অর জিতে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Ballon D’Or 2026)। ফুটবলপ্রেমীদের ভোটে নির্বাচিত এই বিশেষ সম্মান জয়ের পর ট্রফিটি নিজের অনুরাগীদেরই উৎসর্গ করলেন পর্তুগিজ তারকা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে ২০০৮ সালে পাওয়া তাঁর প্রথম ব্যালন ডি’অরই সমর্থকদের বিচারে সর্বকালের সেরা হিসেবে নির্বাচিত হয়েছে। স্বাভাবিকভাবেই এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত সিআর সেভেন।
ভক্তদের উদ্দেশে বার্তা রোনাল্ডোর? (Ballon D’Or 2026)
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে রোনাল্ডো লেখেন, ফুটবল আসলে সমর্থকদের জন্যই। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর সমস্ত অনুরাগীকে ধন্যবাদ জানান পর্তুগিজ তারকা। একই সঙ্গে এই বিশেষ ট্রফি তাঁদেরও বলে উল্লেখ করেন তিনি। অর্থাৎ, নিজের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ স্বীকৃতিতে ভক্তদের অবদানকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
মেসিকে টপকে শীর্ষে রোনাল্ডো (Ballon D’Or 2026)
সর্বকালের সেরা ব্যালন ডি’অর নির্বাচনের জন্য সমর্থকদের ভোটের আয়োজন করেছিলেন পুরস্কার প্রদানকারী সংস্থার আয়োজকরা। সেই প্রতিযোগিতাতেই লিওনেল মেসির ২০১২ সালের ব্যালন ডি’অরকে পিছনে ফেলে প্রথম স্থান দখল করেছে রোনাল্ডোর ২০০৮ সালের পুরস্কার। ভোটের নিরিখে দুই তারকার মধ্যে ব্যবধানও বেশ বড়। রোনাল্ডোর ২০০৮ সালের ব্যালন ডি’অর পেয়েছে ৭৫ শতাংশ ভোট। অন্যদিকে, বার্সেলোনার জার্সিতে মেসির ২০১২ সালের ব্যালন ডি’অর পেয়েছে মাত্র ৯ শতাংশ ভোট।
রোনাল্ডোর ২০০৮ সালের মরসুম (Ballon D’Or 2026)
২০০৮ সালটি রোনাল্ডোর ফুটবলজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে সেই মরসুমে দুরন্ত ছন্দে ছিলেন তিনি। প্রিমিয়ার লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের দল। দুই প্রতিযোগিতাতেই সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন রোনাল্ডো। সব প্রতিযোগিতা মিলিয়ে সেই বছরে তাঁর গোলসংখ্যা ছিল ৪২। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলগত সাফল্যও তাঁর ব্যালন ডি’অর জয়ের পথ প্রশস্ত করেছিল।
রোনাল্ডো-মেসির দাপট (Ballon D’Or 2026)
সর্বকালের সেরা ব্যালন ডি’অর নির্বাচনের তালিকায় প্রথম ১২টি স্থানের মধ্যে নিজেদের আধিপত্য বজায় রেখেছেন রোনাল্ডো এবং মেসি (Ballon D’Or 2026)। একাধিকবার ব্যালন ডি’অর জিতেছেন, এমন ফুটবলারদের পুরস্কারকে কেন্দ্র করেই এই ভোটাভুটির আয়োজন করা হয়েছিল। সেখানে প্রথম স্থানে রোনাল্ডোর ২০০৮ সালের পুরস্কার, দ্বিতীয় স্থানে মেসির ২০১২ সালের ব্যালন ডি’অর। তৃতীয় স্থানেও রয়েছেন রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৭ সালে পাওয়া তাঁর ব্যালন ডি’অর পেয়েছে ৬ শতাংশ ভোট।
আরও পড়ুন: WPL KKR: বাড়ছে মহিলা আইপিএলের কলেবর! এবার কি নাইট রাইডার্স?
সব মিলিয়ে, মাঠের লড়াইয়ে মেসি-রোনাল্ডোর দ্বৈরথ যেমন ফুটবলবিশ্বকে দীর্ঘদিন মাতিয়ে রেখেছে, তেমনই এই ভোটাভুটিতেও দুই মহাতারকার আধিপত্য স্পষ্ট। তবে সমর্থকদের বিচারে ২০০৮ সালের রোনাল্ডোই আপাতত সর্বকালের সেরা।



