Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: জেমি ম্যাকলারেন, মিগুয়েল ফিগুয়েরা কিংবা আপুইয়ার মতো তারকাদের অনুপস্থিতি এবং সমর্থকদের মনে থাকা উদ্বেগকে দূরে সরিয়ে আইএসএলে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan vs Punjab FC)। ফর্মে থাকা পাঞ্জাব এফসির বিরুদ্ধে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কঠিন পরীক্ষার মুখে পড়েছিল দল। তবে সমস্ত বাধা পেরিয়ে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় তুলে নিল প্যানাজিওটিস দিলেমপেরিসের দল। এই জয়ের সুবাদে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করল সবুজ-মেরুন।
বিশাল কাইথের ভুল (Mohun Bagan vs Punjab FC)
শনিবাসরীয় সন্ধ্যায় ঘরের মাঠে ম্যাচের শুরুতেই অপ্রত্যাশিত ধাক্কা খায় মোহনবাগান। মাত্র ৩ মিনিটে সানাথোই সিংয়ের পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে পাঞ্জাবকে এগিয়ে দেন আলফ্রেড প্লানাস। এই গোলের ক্ষেত্রে মোহনবাগান গোলকিপার বিশাল কাইথের ভুল সত্যিই অপ্রত্যাশিত ছিল। দ্রুত পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় মেরিনার্সরা। যদিও গোল হজম করার পর ভেঙে না পড়ে ঘুরে দাঁড়ানোর মানসিকতা দেখায় দল। প্রথমার্ধের শুরুতেই সমির জেলকোভিচ এবং বিশাল কাইথের তৎপরতায় খেলায় ফেরার চেষ্টা চালায় তারা।
এরউইন-দ্রাজিচের দুর্দান্ত কামব্যাক (Mohun Bagan vs Punjab FC)
ম্যাচের শুরুতেই চোটের কারণে সাহাল আবদুল সামাদকে মাঠ ছেড়ে উঠে যেতে হয়, তাঁর পরিবর্তে মাঠে নামেন অনিরুদ্ধ থাপা। তবে দলের আক্রমণভাগে নেতৃত্ব দেন লি এরউইন। ১৮ মিনিটে সমিরের বাড়ানো বল থেকে নিখুঁত বাঁ পায়ের শটে মোহনবাগানকে সমতায় ফেরান এরউইন। এরপর খেলার গতি বাড়ায় সবুজ-মেরুন। ৪২ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের এক দুর্দান্ত শটে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন দেজান দ্রাজিচ। এই গোলের বলটি বাড়িয়ে দিয়েছিলেন এরউইন নিজেই। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আরও কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি দল।
দ্বিতীয়ার্ধের আক্রমণ (Mohun Bagan vs Punjab FC)
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করে মোহনবাগান। ৪৯ মিনিটে অনিরুদ্ধ থাপা এবং পরবর্তীতে দীপক টাংরি ও লিস্টন কোলাসারা একাধিক গোলের সুযোগ তৈরি করেন। তবে পাঞ্জাব এফসিও সমতা ফেরাতে মরিয়া চেষ্টা চালায় এবং বিশাল কাইথ কয়েকটি দুর্দান্ত সেভ করে দলের পতন রোধ করেন। ম্যাচের শেষ কোয়ার্টারে লিস্টন কোলাসো ও লি এরউইন একের পর এক আক্রমণ শানিয়ে পাঞ্জাব রক্ষণকে ব্যতিব্যস্ত করে তুললেও ফিনিশিংয়ের অভাবে ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি।
আরও পড়ুন: FIFA World Cup: মহিলা বিশ্বকাপের পুরস্কারমূল্য দ্বিগুণেরও বেশি! তবুও আর্থিক বৈষম্য কমল না
শীর্ষস্থানে মোহনবাগান (Mohun Bagan vs Punjab FC)
বারবার আক্রমণ শানিয়েও গোলের সুযোগ নষ্ট করাটা কোচ প্যানোসের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে (Mohun Bagan vs Punjab FC)। তা সত্ত্বেও শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধান ধরে রেখে পূর্ণ পয়েন্ট অর্জন করতে সমস্যা হয়নি। টানা তিন ম্যাচ জিতে মোট ৯ পয়েন্ট নিয়ে আপাতত আইএসএল পয়েন্ট তালিকার শীর্ষস্থানে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট।



