Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মাদক সেবনের কারণে এক মাসের জন্য পেশাদার ক্রিকেট থেকে নির্বাসিত হলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ক্রিস লিন (Chris Lynn)। রুটিন ডোপ পরীক্ষায় তাঁর শরীরে কোকেনের উপস্থিতি ধরা পড়ার পর এই শাস্তির সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডের ক্রিকেট নিয়ামক সংস্থা। শুক্রবার একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। তবে লিন নিজের ভুল স্বীকার করে নিয়েছেন এবং ইতিমধ্যেই রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম সম্পন্ন করেছেন। ফলে তাঁর নির্বাসনের মেয়াদও ইতিমধ্যে শেষ হয়েছে।
ডোপ পরীক্ষায় ধরা পড়ে কোকেন (Chris Lynn)
ঘটনাটি চলতি বছরের ১৮ জুলাইয়ের। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে নর্দাম্পটনশায়ার স্টিলব্যাকসের হয়ে খেলেছিলেন ৩৬ বছর বয়সি এই অস্ট্রেলীয় ব্যাটার। ম্যাচের পর নিয়মমাফিক ডোপ পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনাতেই কোকেনের উপজাত মেটাবোলাইট ‘বেনজয়লেকগোনিন’-এর উপস্থিতি পাওয়া যায়। বিষয়টি সামনে আসার পর নিজের ভুল স্বীকার করে নেন লিন।
তিন মাসের শাস্তি কমে এক মাস (Chris Lynn)
ইংল্যান্ডের ক্রিকেট নিয়ামক সংস্থা জানিয়েছে, ক্রিস লিনের বিরুদ্ধে এক মাসের নির্বাসনের নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্তে উঠে আসে, ক্রিকেটীয় পারফরম্যান্স বা শক্তি বাড়ানোর উদ্দেশ্যে তিনি এই পদার্থ সেবন করেননি। বিষয়টি ব্যক্তিগত স্তরের মাদক সেবনের সঙ্গে সম্পর্কিত ছিল। পাশাপাশি অ্যান্টি-ডোপিংয়ের নিয়ম মেনে দ্রুত সাবস্ট্যান্স অ্যাবিউজ ও রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম সম্পন্ন করেন তিনি।
প্রাথমিকভাবে তিন মাসের নির্বাসনের সিদ্ধান্ত নেওয়া হলেও বিভিন্ন বিষয় বিবেচনা করে তা কমিয়ে এক মাস করা হয়। গত ৩১ জুলাই থেকে ৩০ অগস্ট পর্যন্ত কার্যকর ছিল এই নিষেধাজ্ঞা। ফলে নির্ধারিত সময় ইতিমধ্যেই পেরিয়ে যাওয়ায় নতুন করে তাঁকে কোনও শাস্তির মুখে পড়তে হচ্ছে না।
আরও পড়ুন: Asian Champions Trophy 2026: জাপানকে হারিয়ে ষষ্ঠবার এশিয়ান চ্যাম্পিয়ন ভারত
আইপিএলে খেলেছেন লিন (Chris Lynn)
অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং চারটি ওয়ানডে ম্যাচ খেলেছেন ক্রিস লিন (Chris Lynn)। তবে আন্তর্জাতিক ক্রিকেটের তুলনায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর জনপ্রিয়তা অনেক বেশি। বিশ্বের একাধিক টি-টোয়েন্টি লিগে খেলেছেন তিনি। আইপিএলে ডেকান চার্জার্স, কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করেছেন এই ডানহাতি ব্যাটার।
বিশেষ করে কেকেআরের হয়ে তাঁর বিধ্বংসী ব্যাটিং ক্রিকেটপ্রেমীদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। তাঁর ব্যাটিংয়ের সেই আগ্রাসী মেজাজ থেকেই জনপ্রিয় হয়েছিল ‘লিন-স্যানিটি’ শব্দবন্ধ। ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে শেষবার মাঠে নেমেছিলেন ক্রিস লিন।



