Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ফুটবলে রেফারিং নিয়ে বিতর্ক নতুন নয় (FC Goa)। এবার চলতি মরশুমে রেফারিদের মান ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে সরব হল এফসি গোয়া। এই বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের রেফারিজ বিভাগ, সচিবালয় এবং লিগ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ক্লাব। তাদের অভিযোগ, চলতি মরশুমে একাধিক ম্যাচে রেফারিংয়ের মান, সিদ্ধান্তের ধারাবাহিকতা এবং নতুন রেফারিদের প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে।
ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন (FC Goa)
এফসি গোয়ার তরফে জানানো হয়েছে, তাদের অভিযোগ কোনও একটি ম্যাচের নির্দিষ্ট সিদ্ধান্ত বা ফলাফলকে কেন্দ্র করে নয়। বরং গোটা মরশুমে বিভিন্ন ম্যাচে রেফারিংয়ের ক্ষেত্রে একই ধরনের সমস্যা চোখে পড়েছে। বিশেষ করে সাধারণ সিদ্ধান্ত নেওয়া, নিয়মের ধারাবাহিক প্রয়োগ এবং নতুন রেফারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ক্লাব।

রেফারিদের ভুলের দায় এড়ানো যাবে না (FC Goa)
রেফারিং যে অত্যন্ত কঠিন কাজ এবং রেফারিরাও মানুষ, তা স্বীকার করেছে এফসি গোয়া। তবে একটি মরশুমে ভুল সিদ্ধান্তের প্রভাব সামগ্রিকভাবে কমিয়ে দেওয়াই যথেষ্ট নয় বলে মনে করছে তারা। ক্লাবের বক্তব্য, ভারতীয় ফুটবলের মান ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে রেফারিদের মৌলিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও দক্ষ হতে হবে। কারণ, রেফারিংয়ের মানও একটি প্রতিযোগিতার গ্রহণযোগ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ মাপকাঠি।
চার দফা দাবি এফসি গোয়ার (FC Goa)
চিঠিতে একাধিক সংস্কারের দাবি জানিয়েছে এফসি গোয়া। সেগুলি হল—
- রেফারিদের ভুল সিদ্ধান্তের ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।
- কীভাবে রেফারিদের নিয়োগ ও মূল্যায়ন করা হয়, তা স্পষ্টভাবে জানানো।
- ক্লাব এবং রেফারিজ বিভাগের মধ্যে নিয়মিত আলোচনার ব্যবস্থা ফিরিয়ে আনা।
- লিগে নতুন যোগ দেওয়া রেফারিদের প্রশিক্ষণ, পরামর্শ ও দক্ষতা বৃদ্ধির জন্য আরও শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা।
শুধু এফসি গোয়ার সমস্যা নয় (FC Goa)
এফসি গোয়ার মতে, রেফারিংয়ের এই সমস্যা কোনও একটি ক্লাবের মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রভাব পড়ে প্রতিটি ক্লাব, ফুটবলার এবং সমর্থকদের উপর। ভারতীয় ফুটবলকে আরও গুরুত্বের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হলে রেফারিংয়ের মান উন্নত করা জরুরি।
AIFF-এর কাছে দ্রুত পদক্ষেপের আর্জি (FC Goa)
চিঠিতে এআইএফএফের কাছে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে এফসি গোয়া (FC Goa)। একইসঙ্গে ফেডারেশন, লিগ কর্তৃপক্ষ এবং ফুটবলের সঙ্গে যুক্ত অন্যান্য পক্ষের সঙ্গে সহযোগিতা বজায় রাখার বার্তাও দিয়েছে ক্লাব। এখন দেখার, এফসি গোয়ার এই চিঠির পর ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা রেফারিংয়ের মান উন্নত করতে কী পদক্ষেপ করে।



