Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নদিয়ার শান্তিপুরের কালীপুজোর (Shantipur KaliPuja) সঙ্গে জড়িয়ে রয়েছে এক অদ্ভুত লোককথা। শহরের দুই প্রাচীন ও প্রসিদ্ধ কালীপ্রতিমা, মা আগমেশ্বরী এবং মা মহিষখাগীকে স্থানীয়রা ‘দুই সতীন’ বলে মনে করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের সময় কোনওভাবেই এই দুই দেবীকে মুখোমুখি করা হয় না। বহু বছর ধরে এই প্রথা মেনে আসছেন স্থানীয় বাসিন্দারা।
মা আগমেশ্বরীর পুজো (Shantipur KaliPuja)
শান্তিপুরের মা আগমেশ্বরীর (Shantipur KaliPuja) পুজোর ইতিহাস প্রায় ৪০০ বছরের পুরনো। কথিত আছে, তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ এই পুজোর সূচনা করেছিলেন। পরবর্তীকালে তাঁর প্রপৌত্র সার্বভৌম আগমবাগীশ শান্তিপুরে এই পুজোর প্রচলন করেন। বড় গোস্বামী বাড়ির সঙ্গেও এই পুজোর ঐতিহাসিক যোগ রয়েছে। দেবীর ভোগে থাকে ৩৬ রকমের ব্যঞ্জন। তবে এখানে পশুবলির কোনও রীতি নেই।
মা মহিষখাগীর পুজো
অন্যদিকে, মা মহিষখাগীর পুজোর বয়স প্রায় সাড়ে তিনশো বছর। এই পুজোর নেপথ্যেও রয়েছে স্বপ্নাদেশ ও এক সন্ন্যাসীকে ঘিরে প্রচলিত কাহিনি। জনশ্রুতি, মহিষ বলি এবং মহিষের রক্ত গ্রহণের বিশেষ প্রথার কারণেই দেবীর নাম হয়েছে মহিষখাগী।
আরও পড়ুন: Mamata Banerjee: ক্ষমতা হারিয়েও কালীঘাটে ভিড়, মমতার বাড়ির পুজোয় কর্মীদের বাড়তি গুরুত্ব
স্থানীয় কিংবদন্তি অনুযায়ী, একবার বিসর্জনের পথে দুই দেবীর প্রতিমা মুখোমুখি হয়ে পড়েছিল। এরপর থেকেই তাঁদের একসঙ্গে বা সামনাসামনি না আনার রীতি আরও দৃঢ় হয়। দুই দেবীই উগ্র শক্তির প্রতীক, তাই তাঁদের মুখোমুখি হওয়াকে অমঙ্গলের আশঙ্কা হিসেবে দেখেন অনেকে। সেই বিশ্বাস থেকেই বিসর্জনের সময় দুই প্রতিমার যাত্রাপথ আলাদা রাখা হয়। ইতিহাস, ভক্তি আর লোকবিশ্বাস মিলিয়ে আজও এই প্রথা শান্তিপুরের কালীপুজোর অন্যতম আকর্ষণ।


