Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থতার পর তাঁকে ঘিরে শুরু হয়েছিল সমালোচনা। তবে মঙ্গলবার ব্যাট হাতে তারই জবাব দিলেন আর্যবীর সেওয়াগ (Aryaveer Shewag)। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুরন্ত শতরান করলেন বীরেন্দ্র সেওয়াগের ছেলে। ১৬৮ বলে ১৬০ রানের ঝকঝকে ইনিংস খেলে শুধু দলের রানকেই মজবুত করলেন না, গড়ে ফেললেন চলতি টুর্নামেন্টের ব্যক্তিগত সর্বোচ্চ রানের নজিরও। শুরুতে ধৈর্য ধরে ব্যাটিং করলেও শেষ দিকে বাবার আগ্রাসী ব্যাটিংয়ের ছাপ দেখা গেল তাঁর খেলায়।
শুরুতে ধৈর্য, পরে বিধ্বংসী ব্যাটিং (Aryaveer Shewag)
ইনিংসের শুরুতে যথেষ্ট সাবধানী ছিলেন আর্যবীর। প্রথম রান পেতে খেলতে হয় ১৪টি বল। পিচে সুইং ও সিম মুভমেন্ট থাকায় প্রথম দিকে ঝুঁকি নিতে চাননি তিনি। ৬৯ বলে পূর্ণ করেন নিজের অর্ধশতরান। তবে সময়ের সঙ্গে পিচ ব্যাটিংয়ের উপযোগী হয়ে উঠতেই বদলে যায় তাঁর ব্যাটিংয়ের ধরন। বিশেষ করে স্পিনাররা আক্রমণে আসার পর ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে কভারের উপর দিয়ে একের পর এক বড় শট খেলতে শুরু করেন। ১৩১ বলে একটি সিঙ্গল নিয়ে তিন অঙ্কের রান পূর্ণ করেন আর্যবীর।
সেঞ্চুরির পর আরও আগ্রাসী আর্যবীর (Aryaveer Shewag)
শতরান পূর্ণ করার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন বীরেন্দ্র-পুত্র। সংযুক্ত আরব আমিরশাহির বাঁ হাতি রিস্ট স্পিনার উদ্দিশ সুরির বিরুদ্ধে ৩৮তম ওভারে ২১ রান সংগ্রহ করেন তিনি। দ্রুত গতিতে বাড়তে থাকে ভারতের রান। এরপর ৪২তম ওভারে লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যান আর্যবীর।
তবে তাঁর দুরন্ত ইনিংসের সমাপ্তি ঘটে ৪৫তম ওভারে। মিডিয়াম পেসার নাসিম খানের বলে মিড উইকেটের উপর দিয়ে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন তিনি। ১৬৮ বলে ১৬০ রান করে সাজঘরে ফেরেন আর্যবীর। তাঁর ইনিংস সাজানো ছিল ১৭টি চার ও সাতটি ছক্কায়।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নয়া নজির (Aryaveer Shewag)
সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে এই ১৬০ রানের ইনিংসেই চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নজির গড়লেন আর্যবীর (Aryaveer Shewag)। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ৩০৮ রান তোলে ভারত। তবে এই ম্যাচে ব্যাট হাতে নজর কাড়তে পারেননি রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়। মাত্র ৯ বলে ১২ রান করে আউট হন তিনি।
আরও পড়ুন: ISL Viwership: আইএসএলের ভিউয়ারশিপে রেকর্ড, উচ্ছ্বসিত জন আব্রাহাম
পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থতার পর আর্যবীরের এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে ভারতীয় শিবিরকে স্বস্তি দেবে। একই সঙ্গে বাবার পরিচয়ের বাইরে নিজের ব্যাটিং দক্ষতায় আলাদা করে নজর কাড়লেন তরুণ এই ক্রিকেটার।



