Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ডিম প্রতিদিনের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ (Egg Yolk)। প্রোটিন, ভিটামিন, খনিজ, ফ্যাট… সবই আছে এই খাবারে। কিন্তু ডিমের কুসুম ও সাদা অংশ নিয়ে নানা বিতর্ক রয়েছে। অনেকেই কুসুম খান না কোলেস্টেরলের ভয়ে। আবার কেউ কেউ মনে করেন ডিমের কুসুমই আসল শক্তির উৎস। পুষ্টিবিদদের মতে, ডিমের সাদা অংশ ও কুসুম, দুটোরই আলাদা উপকারিতা আছে। তবে কোন অংশটি খাবেন, তা নির্ভর করে আপনার শারীরিক প্রয়োজন ও স্বাস্থ্য পরিস্থিতির উপর।
ডিমের সাদা অংশের উপকারিতা (Egg Yolk)
১) ক্যালোরি কম, ডায়েটের জন্য উপযুক্ত
ডিমের সাদা অংশে ক্যালোরি খুবই কম। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য ডিমের সাদা অংশ আদর্শ। ডায়েটের তালিকায় সাধারণত সাদা অংশ রাখা হয়, কুসুম নয়।
২) প্রোটিন ও অ্যামিনো অ্যাসিডের ভাণ্ডার
অনেকেই মনে করেন কুসুমেই শুধু প্রোটিন থাকে, কিন্তু বাস্তবে ডিমের সাদা অংশেও প্রচুর প্রোটিন রয়েছে। প্রোটিনের পাশাপাশি এতে রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা পেশি গঠনে বিশেষ ভূমিকা রাখে। ফলে জিমে যারা নিয়মিত ব্যায়াম করেন বা পেশি শক্ত করতে চান, তাদের জন্য সাদা অংশ বিশেষভাবে উপকারী।
৩) কোলেস্টেরল নেই, হৃদরোগীদের জন্য নিরাপদ
ডিমের কুসুমে কোলেস্টেরল থাকলেও সাদা অংশে একেবারেই কোলেস্টেরল নেই। তাই যাদের রক্তে কোলেস্টেরল বেশি বা হৃদরোগের ঝুঁকি রয়েছে, তারা নিশ্চিন্তে সাদা অংশ খেতে পারেন।
ডিমের কুসুমের উপকারিতা (Egg Yolk)
১) ভিটামিন ও খনিজের ভাণ্ডার
ডিমের কুসুমে ক্যালোরি থাকলেও সেটি একসঙ্গে শরীরকে শক্তি জোগায়। এতে রয়েছে ভিটামিন A, D, E, K সহ আয়রন, ফসফরাস, জিঙ্ক প্রভৃতি খনিজ, যা শরীরের নানা কার্যক্রম সচল রাখতে অত্যন্ত প্রয়োজনীয়।
২) মস্তিষ্কের জন্য কোলিন
কুসুমে রয়েছে কোলিন নামক খনিজ, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া কোলিন হজমশক্তি উন্নত করে এবং বিপাকের হার বাড়িয়ে দেয়।
৩) হার্টের জন্য ভালো ফ্যাট
যদিও কুসুমে কোলেস্টেরল বেশি থাকে, তবে তাতে রয়েছে পলি-আনস্যাচুরেটেড ও মনো-আনস্যাচুরেটেড ফ্যাট যা শরীরের জন্য প্রয়োজনীয় ‘ভালো ফ্যাট’। এগুলো হৃদযন্ত্র সুস্থ রাখতে এবং শরীরের ফ্যাটের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে।
আরও পড়ুন: Carrot Benefits: চোখ ও ত্বকের বন্ধু, ওজন কমায় নিমেষে, কী খাবেন রোজ?
তাহলে কোনটা খাবেন? (Egg Yolk)
- ওজন কমাতে চান বা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে চান? সাদা অংশ খাওয়াই ভালো।
- শরীর ও মস্তিষ্কের পূর্ণ পুষ্টি চান? কুসুমসহ ডিম খাওয়া উচিত, তবে সীমিত পরিমাণে।
- হার্ট বা কোলেস্টেরলের সমস্যা থাকলে, পুষ্টিবিদের পরামর্শ মেনে চলা জরুরি।



