Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের ঢালে ভয়াবহ পরিস্থিতি (Mount Everest)। তীব্র তুষারঝড় ও হঠাৎ আবহাওয়া পরিবর্তনের জেরে কমবেশি ১০০০ জন পর্বতারোহী আটকে পড়েছেন বিপজ্জনক অবস্থায়। রবিবার থেকে অব্যাহত রয়েছে উদ্ধারকাজ, তবে বারবার নতুন করে তুষারঝড় শুরু হওয়ায় বাধা পাচ্ছে সেই কাজও।
চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে, এখনও পর্যন্ত ৩৫০ জন পর্বতারোহীকে সুরক্ষিত ভাবে নিচে নামানো গেছে, আরও ২০০ জনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। বাকি পর্বতারোহীদের দ্রুত উদ্ধারে রাতদিন কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল।

হিমালয়ের পূর্ব ঢালে ভয়াবহ তুষারপাত (Mount Everest)
হিমালয়ে এই মুহূর্তে চলছে বৃষ্টি ও ভারী তুষারপাত। তিব্বতের পূর্ব ঢালে মাউন্ট এভারেস্টের ক্যাম্পসাইটগুলিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘন বরফে ঢেকে গিয়েছে তাঁবু, সরঞ্জাম, এমনকি ট্রেকিং পথও। হাঁটু সমান বরফ আর প্রচণ্ড ঠান্ডায় পর্বতারোহীদের চলাফেরাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সূত্রের খবর এক পর্বতারোহীর কথায়, “ঠান্ডা অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছিল। অক্টোবরে এমন আবহাওয়া আমরা কখনও দেখিনি। ১৩,৮০০ ফুট উচ্চতায় পুরু বরফে সব ঢেকে গিয়েছিল।” স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন বরফ সরিয়ে রাস্তা খোলার চেষ্টা চলছে যুদ্ধকালীন তৎপরতায়।

উত্তর মুখে বিপদের ছায়া (Mount Everest)
৮,৮৪৯ মিটার উচ্চতার এভারেস্টের উত্তর মুখ, যা চিনে ‘কোমোলাংমা’ নামে পরিচিত, বরাবরই জনপ্রিয় ট্রেকিং রুট। এই পথে খানিকটা পাকা রাস্তা থাকায় অনেক পর্যটক এই দিকেই ওঠার চেষ্টা করেন। সাধারণত অক্টোবর মাসে আবহাওয়া থাকে পরিষ্কার ও অনুকূল তাই এটিই ট্রেকিং সিজ়ন। কিন্তু এ বছর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। অস্বাভাবিক বৃষ্টিপাত ও তুষারপাতের কারণে পর্বতারোহণের মৌসুমেই প্রকৃতির তাণ্ডব নেমে এসেছে।
ছুটিতে ভিড় বাড়িয়েছিল পর্যটকদের (Mount Everest)
চিনে এখন চলছে টানা আট দিনের ন্যাশনাল হলিডে। সেই সুযোগে বহু স্থানীয় পর্বতারোহী এভারেস্ট অভিযানে বেরিয়ে পড়েছিলেন। বিশেষত পূর্ব কাংশুং মুখের দিকে এই বছর পর্বতারোহীর সংখ্যা ছিল রেকর্ড পরিমাণ। দুর্ভাগ্যবশত, সেই দলগুলির সিংহভাগই এখন আটকে পড়েছেন বরফঝড়ে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়েছিল তীব্র তুষারপাত। রবিবার পর্যন্ত ৩৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকিদের উদ্ধারে চলছে তীব্র চেষ্টা।
আরও পড়ুন: North Bengal Floods: ফুঁসছে তোর্সা, ভেঙে পড়ছে সেতু কতটা প্রস্তুত ছিল প্রশাসন এই বিপর্যয়ের জন্য?
অভিযান স্থগিত, বন্ধ টিকিট বিক্রি (Mount Everest)
বর্তমান আবহাওয়ার অবস্থার প্রেক্ষিতে মাউন্ট এভারেস্ট অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। নতুন কোনও টিকিট বিক্রিও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আবহাওয়া উন্নতি না হওয়া পর্যন্ত কেউ যাতে নতুন করে এভারেস্টে না ওঠেন, সে ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। উদ্ধারকারী সংস্থাগুলির এক মুখপাত্র জানিয়েছেন “তুষারপাত থামলে উদ্ধার অভিযান আরও দ্রুত হবে। এখন প্রাথমিক লক্ষ্য জীবিতদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া।”



