Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার সকালেই কেঁপে ওঠে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার (Gunmen Attack)। ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত আধা সামরিক বাহিনী ‘ফ্রন্টিয়ার কোর’–এর সদর দপ্তরে হামলা চালায় দুই বন্দুকবাজ। পাকিস্তান পুলিশের সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলাকারীরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, যার জেরে অন্তত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
দ্বিতীয় হামলাকারী ঢুকে পড়ে (Gunmen Attack)
নাম প্রকাশে অনিচ্ছুক এক পাক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “প্রথম আত্মঘাতী বোমারু মূল ফটকের প্রবেশপথেই নিজেকে উড়িয়ে দেয়। সেই বিস্ফোরণের বিশৃঙ্খলার সুযোগ নিয়ে দ্বিতীয় জন দপ্তরের ভিতরে ঢুকে পড়ে।” এরপর আরও একবার বিস্ফোরণের তীব্র শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা। ফলে দফতরের অভ্যন্তরে আরও জঙ্গি ঢুকে পড়েছে কি না, তা নিশ্চিত করতে চিরুনি তল্লাশি শুরু করেছে পাক সেনা ও পুলিশ।
পুরো এলাকা ঘিরে ফেলেছে সেনা (Gunmen Attack)
ঘটনার পরেই পেশোয়ারের বিস্তীর্ণ অঞ্চলকে ঘিরে ফেলে পাকিস্তানি সেনা ও পুলিশ বাহিনী। গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকার স্কুল–কলেজ, অফিস–কাছারিতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের একাংশ জানিয়েছেন, পরপর দুইবার প্রবল বিস্ফোরণের শব্দ তাঁরা শুনেছেন।
ক্যান্টনমেন্টের কাছেই ‘ফ্রন্টিয়ার কোর’ (Gunmen Attack)
যে এলাকায় এই হামলা, তার মাত্র ঢিল ছোড়া দূরত্বে রয়েছে পাক সেনার ক্যান্টনমেন্ট। ফলে নিরাপত্তা ঘাটতি ও গোয়েন্দা নজরের প্রশ্নে পাকিস্তানের পুলিশ–প্রশাসন চরম উদ্বেগে রয়েছে। এই ঘটনা নিছক জঙ্গি হামলা, না অন্য কোনও উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ পাকিস্তান পুলিশ বা সেনা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
আরও পড়ুন: Nepal Protest: দেশেই আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, অপেক্ষা শুধু নির্বাচনের…
হামলার উদ্দেশ্য এখনও অজানা
এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। ফ্রন্টিয়ার কোর দপ্তরের ভিতরে আর কেউ লুকিয়ে রয়েছে কি না, বা কোনও জিম্মি পরিস্থিতি তৈরি হয়েছে কি না সেটিও পরিষ্কার নয়। গোটা এলাকা সিল করে বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল, স্নাইপার, এবং কাউন্টার-টেরর ইউনিট ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।



