Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে মঙ্গলবার গভীর রাতে আবারও হামলা চালাল পাকিস্তানি বাহিনী (Afghanistan)। তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ এক্স-এ জানান, পাকিস্তানি সেনারা সরাসরি সাধারণ মানুষের বসতবাড়িতে বোমা নিক্ষেপ করেছে। এই ভয়াবহ হামলায় মৃত্যু হয়েছে ৯ শিশু ও ১ মহিলার যাঁদের মধ্যে পাঁচজন বালক ও চারজন বালিকা। মুজাহিদের কথায়, “পাকিস্তানি বাহিনীর বোমাবর্ষণে নিরীহ শিশু ও মহিলা শহিদ হয়েছেন।”

বিপর্যয়ে ক্ষোভ আফগান সরকারের (Afghanistan)
তালিবান সরকার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, হামলা কোনও সামরিক ঘাঁটি বা পরিকাঠামো নয়, সোজা সাধারণ মানুষের ঘরবাড়ি লক্ষ্য করেই হয়েছে। আফগান সরকারের বক্তব্য পাকিস্তানের এই আচরণ আন্তর্জাতিক মানবাধিকার বিধির স্পষ্ট লঙ্ঘন। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বিস্ফোরণে চারজন আফগান নাগরিক আহত হয়েছেন। পাকিস্তান এখনও পর্যন্ত ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করেনি।

পুরনো ক্ষত আবারও উন্মুক্ত (Afghanistan)
বছরের পর বছর ধরে ডুরান্ড লাইন বরাবর উত্তেজনা রক্তপাতের কারণ হয়ে এসেছে। গত মাস থেকে নতুন করে সংঘাত শুরু হওয়ায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়েছে। সীমান্তে সংঘর্ষে দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রের দাবি। পাকিস্তান দাবি জানাচ্ছে, আফগানিস্তান যেন টিটিপি (তেহরিক-এ-তালিবান পাকিস্তান)-র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় টিটিপির জঙ্গিদের পাকিস্তানের হাতে তুলে দেয় এবং ডুরান্ড লাইন বরাবর একটি নিরপেক্ষ বাফার জোন গঠন করা হয় তালিবান সরকার এই তিন দাবিরই বিরোধিতা করেছে। বিশেষ করে টিটিপিকে আশ্রয় দেওয়ার অভিযোগ সাফ উড়িয়ে দিয়েছে তারা।

মধ্যস্থতায় তুরস্ক ও কাতার (Afghanistan)
সংঘর্ষবিরতি ফেরাতে তুরস্ক ও কাতারের উদ্যোগে গত কয়েক সপ্তাহে তিন দফা বৈঠক হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিদের মধ্যে। তবে প্রতিটি বৈঠকই ফলহীন থেকে গেছে। উত্তেজনা কমার বদলে সীমান্ত পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে উঠেছে। এই অবস্থায় মঙ্গলবারের হামলা দুই দেশের সম্পর্ককে আরও গভীর অন্ধকারে ঠেলে দিল।
আরও পড়ুন: Kunal Ghosh: পায়ে গুরুতর আঘাত, হাসপাতালে কুণাল ঘোষ!
পাকিস্তানের ‘ভারত-ফ্যাক্টর’ অভিযোগ
এই সংঘর্ষের মাঝেই আবার ভারতকে টেনে এনে তীব্র মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তাঁর অভিযোগ, “আফগানিস্তান ভারতের হাতের পুতুলের মতো নাচছে।” তালিবানকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “পাকিস্তানের উপর কোনও হামলা হলে তার ৫০ গুণ পালটা প্রতিঘাত আসবে।” নতুন এই মন্তব্যে কূটনৈতিক অগ্নিগর্ভতা আরও বৃদ্ধি পেয়েছে।



