Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বর্ষার শেষলগ্নে এসে বদলের ইঙ্গিত বাংলার আবহাওয়ায় (Kolkata Weather)। পুজোর আগে কি ধীরে ধীরে রাজ্য থেকে বিদায় নিতে চলেছে মৌসুমি বায়ু? সাম্প্রতিক আবহাওয়ার গতিপ্রকৃতি অন্তত সেই সম্ভাবনাই জোরালো করছে। তবে বর্ষা পুরোপুরি বিদায় নেওয়ার আগে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
শক্তি হারাচ্ছে নিম্নচাপ! (Kolkata Weather)
বাংলাদেশের উপর তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন নাগাল্যান্ড-মিজোরাম অঞ্চলের উপর অবস্থান করছে। তবে ক্রমশ শক্তি হারাচ্ছে এই নিম্নচাপ। ফলে আগামী দিনে এটি সাধারণ নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবেই রাজ্যের কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন বৃষ্টি হলেও বড় ধরনের দুর্যোগের আশঙ্কা আপাতত নেই।
৭-৮ দিনের মধ্যেই কি বাংলায় বর্ষার বিদায়? (Kolkata Weather)
দেশের উত্তর-পশ্চিম অংশে ইতিমধ্যেই বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুকূল থাকলে আগামী কয়েক দিনের মধ্যে ঝাড়খণ্ড ও বিহার থেকেও মৌসুমি বায়ু সরে যাওয়ার পর্ব শুরু হতে পারে। এরপর আগামী ৭ থেকে ৮ দিনের মধ্যে বাংলাতেও বর্ষা বিদায়ের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, পুজোর আগে বাংলার আকাশ থেকে বর্ষার দাপট অনেকটাই কমে যাওয়ার ইঙ্গিত মিলছে।
দক্ষিণবঙ্গে শুক্রবার কোথায় বৃষ্টি? (Kolkata Weather)
বর্ষা বিদায়ের আগে শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদের কিছু এলাকায় স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। দু-এক জায়গায় সামান্য বৃষ্টি হলেও সামগ্রিকভাবে বৃষ্টির দাপট কমবে। কিন্তু বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি কিছুদিন বজায় থাকতে পারে।
উত্তরবঙ্গেও কমবে বৃষ্টির সম্ভাবনা (Kolkata Weather)
দার্জিলিং-সহ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও বড় পূর্বাভাস নেই। সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা আরও কমতে পারে।
কলকাতায় বৃষ্টি কমলেও অস্বস্তি থাকবে (Kolkata Weather)
শুক্রবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ এক-দু’পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। শনিবার থেকে শহরে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমবে। যদিও জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম এখনই পুরোপুরি কাটবে না।
আরও পড়ুন:Cyber Crime: নিউটাউনে আন্তর্জাতিক ফেক কল সেন্টারের হদিস, গ্রেফতার ২৪
সেপ্টেম্বরের বৃষ্টিতে নজর কাড়ল কলকাতা
এর মধ্যেই ২০২৬ সালের সেপ্টেম্বরের বৃষ্টির পরিসংখ্যানও নজর কেড়েছে। কলকাতায় এ বছর সেপ্টেম্বরে মোট ৫৫৭.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অতীতের পরিসংখ্যানের দিকে তাকালে ১৯০০ সালের সেপ্টেম্বরে ১১৫৭ মিলিমিটার, ১৯৭৮ সালের বন্যার বছরে ৮৯২ মিলিমিটার এবং ২০২১ সালের সেপ্টেম্বরে ৬১৩.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।



