Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: এই পরীক্ষার কী হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই প্রক্রিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন!’- এসএসসি নিয়োগ প্রক্রিয়ার এক মামলায় আইনজীবীর দ্রুত শুনানির আবেদনে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। আগামীকাল তথা শুক্রবার এসএসসি সংক্রান্ত মামলার শুনানি রয়েছে বিচারপতি সিনহার এজলাসে।
বিচারপতি অমৃতা সিনহার তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ (SSC Case)
গতকাল অর্থাৎ বুধবারই এসএসসি-এর নতুন নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরই আজ তথা বৃহস্পতিবার এক আইনজীবী এসএসসি-এর একটি মামলা দ্রুত শুনানির আর্জি জানান বিচারপতি অমৃতা সিনহার কাছে। ওই আইনজীবী বিচারপতির কাছে আবেদন করেন, ১৮ নভেম্বর থেকে নথি যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। তাই শুক্রবার থেকেই যেন এসএসসি সংক্রান্ত অন্য মামলাগুলির সঙ্গে একত্রে শুনানি হয়।
আরও পড়ুন:TET: ২০২২-র টেট উত্তীর্ণদের বয়স ছাড়ের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট
ইতিমধ্যেই অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত দশ নম্বর, বিশেষভাবে সক্ষম অযোগ্যদের নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়ার বিষয় সহ একাধিক অভিযোগের মামলার শুনানি আগামীকাল অর্থাৎ শুক্রবার হবে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তাই তার সঙ্গেই এই মামলাটির (SSC Case) শুনানির দাবি জানান ওই আইনজীবী। তখনই বিচারপতি অমৃতা সিনহা তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণে বলেন, ‘এই পরীক্ষার কী হবে কেউ জানে না। আর আপনি নথি যাচাই প্রক্রিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন!’
নতুন নিয়োগ প্রক্রিয়ায় ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন (SSC Case)
বিচারপতি অমৃতা সিনহার এই মন্তব্যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গেল! কারণ গতকাল সুপ্রিম কোর্ট রাজ্য ও কমিশনকে কাঠগড়ায় তুলে পরিষ্কার বলে, যে নতুন রুল ও অতিরিক্ত শূন্য পদ তৈরি করে পরীক্ষা করার নির্দেশ একবারও দেয়নি সুপ্রিম কোর্ট। চাকরিহারা যোগ্যদের সঙ্গে নতুনদের পরীক্ষা একসঙ্গে নেওয়ার কথাও বলেনি উচ্চ আদালত। এটা সম্পূর্ণ রাজ্য এবং কমিশনের সিদ্ধান্ত। এই নতুনদের জন্য একজনও চাকরি ভরা যোগ্য যেন বিপদে না পড়ে।
তারপরই অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত দশ নম্বর সহ একাধিক এসএসসি নতুন নিয়োগ সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টের শুনানির জন্য ফেরত পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহা গত শুনানিতে যে নির্দেশ দিয়েছিলেন, সেই একই নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্টও জানিয়ে দেয়, চিহ্নিত অযোগ্য বা দাগিদের বিস্তারিত তথ্য সহ তালিকা প্রকাশ করতে হবে।
আগামীকাল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এসএসসি-এর একাধিক অভিযোগের মামলার (SSC Case) শুনানি রয়েছে। এখন দেখার, নতুন এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওঠা একাধিক অভিযোগের ভিত্তিতে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ কী নির্দেশ দেয়। তার আগে বিচারপতি সিনহার এই পর্যবেক্ষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আইনজীবী মহল।


