Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: এসআইআর-এর কাজ করতে গিয়ে কাজের চাপে কোথাও বিএলও আত্মহত্যা করছেন,কোথাও বিএলও হয়ে পড়ছেন অসুস্থ। কোথাও কাজ থেকে অব্যাহতি চেয়ে চলছে ধর্ণা কোথাও আবার কেঁদে ভাসাচ্ছেন বিএলও(SIR BLO)। এরই মধ্যে ব্যতিক্রমী ছবি বাঁকুড়ায় (Bankura)।
‘আমি ভয় করব না’ (SIR BLO)
জন্ম থেকে এক পা নেই। অপর পায়ে বাড়ি বাড়ি ঘুরে নিজের এলাকার এসআইআর-এর কাজ প্রায় ৯৯ শতাংশ সেরে ফেললেন বিশেষভাবে সক্ষম আইসিডিএস কর্মী শোভানারা বায়েন(SIR BLO)। বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের জামশুলি গ্রামের শোভানারা জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম। তাঁর একটি পা হাঁটুর নীচ থেকে নেই। শারীরিক এই প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি শোভানারাকে। নিজের মনের অদম্য জেদে লেখাপড়া করে স্নাতকোত্তর এবং বিএড সেরে ফেলেছেন শোভানারা। তারপর গ্রামেই এখন আইসিডিএস কর্মী হিসাবে কাজ করেন।
অদম্য বাঁকুড়ার শোভানারা (SIR BLO)
সম্প্রতি এসআইআর হিসাবে দায়িত্ব দেওয়া হয় তাঁকে। শারীরিক সমস্যার কথা জানিয়ে শোভানারা প্রথমে এই কাজ থেকে অব্যাহতি চাইলেও প্রশাসনিকভাবে তেমন উদ্যোগ চোখে না পড়ায় আর আপত্তি জানাননি। রাজ্য জুড়ে এসআইআর-এর কাজ শুরু হতেই কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েন শোভানারা। দায়িত্ব পাওয়া নিজের গ্রাম জামশুলির ২৩৮ নম্বর বুথের ১০৩৯ জন ভোটারের বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিতরণ করেন তিনি।
শেষ করেছেন ৯৯ শতাংশ কাজ (SIR BLO)
একদিকে গ্রামের আইসিডিএস কেন্দ্রে নিয়মিত কাজ সেরে এক পায়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে ফর্ম সংগ্রহের কাজও শুরু হয় কনিশনের বিধি মেনে। সকাল থেকে টানা কাজ করে বিকালে বাড়িতে ফিরে শুরু হয় ফর্মের তথ্য কমিশনের নির্দিষ্ট পোর্টালে আপলোডের কাজ। গভীর রাত পর্যন্ত চলে সেই কাজ। আর এভাবেই লাগাতার কাজ করে ইতিমধ্যেই এলাকার ৯৯ শতাংশ ভোটারের কাছ থেকে গণনা ফর্ম সংগ্রহ করে তা কমিশনের নির্দিষ্ট পোর্টালে আপলোড করে ফেলেছেন শোভানারা।

অনুপ্রেরণা শোভানারা (SIR BLO)
এসআইআর-এর কাজের চাপে যেখানে সুস্থ স্বাভাবিক বিএলও রা যেখানে দিশেহারা সেখানে শোভানারার এমন কৃতিত্ব রীতিমত প্রশংসা কুড়িয়েছে প্রশাসনের। তবে শারীরিক প্রতিবন্ধকতার মতোই এক্ষেত্রেও কোনো অজুহাত বা প্রশংসার তোয়াক্কা না করেই বাকি কাজটুকু দ্রুত সেরে ফেলতে এখন এক পায়েই ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন শোভানারা। শোভানারার এমন কাজে অনুপ্রাণিত আশপাশের বিএলও এবং স্থানীয় ভোটাররাও।
আরও পড়ুন: BLO App: বিএলও অ্যাপে বদল: ফিরল ফর্ম যাচাই এবং ম্যাপিং বা আনম্যাপিং ব্যবস্থা



