Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: চিংড়িহাটায় মেট্রো-জট (Chingrighata Metro) কাটাতে আগামী ১৭ ডিসেম্বর বুধবার বিকেল পাঁচটায় মেট্রো ভবনের সব পক্ষকে সদর্থক আলোচনায় বসার নির্দেশ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। আগামী ১৯ ডিসেম্বর, শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। ওইদিন বৈঠকে গৃহীত সিদ্ধান্তের রিপোর্ট আদালতে জমা দিতে হবে। রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত।
আলোচনার দিনক্ষণ নির্ধারণ করে দিল হাইকোর্ট (Chingrighata Metro)
নিউ গড়িয়া-বিমানবন্দর রুটে চিংড়িহাটায় মেট্রোর (Chingrighata Metro) কাজের জট ছাড়াতে আগেই রাজ্য, কেন্দ্র সরকার এবং নির্মাণকারী সংস্থা রেল ভিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) সহ এই মামলায় যুক্ত সব পক্ষকে নিয়ে ইতিবাচক আলোচনায় বসার কথা আগেই বলেছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই আলোচনার দিনক্ষণ নির্ধারণ করে দিল হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেন জানিয়ে দিলেন, আগামী বুধবার অর্থাৎ ১৭ ডিসেম্বর বিকেল ৫টায় মেট্রোভবনে চিংড়িহাটার মেট্রো জট কাটাতে সব পক্ষকে আলোচনায় বসতে হবে। ওইদিন আলোচনায় উপস্থিত থাকবেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তও।
আরও পড়ুন: Border: সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে অনীহা! রাজ্যের থেকে বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল জানিয়েছিলেন, একমাত্র কোভিড না হলে ওই এলাকায় যানবাহনের চাপ কমবে না। কিন্তু তাই বলে এইরকম গুরুত্বপূর্ণ একটি জনস্বার্থ প্রকল্পের কাজ আটকে রাখা যায় না (Chingrighata Metro)। তাই সব পক্ষকে সদর্থক আলোচনায় বসার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে সব পক্ষের সঙ্গে আলোচনার দিনক্ষণ ঠিক করে এবং কারা আলোচনায় বসবেন, তাঁদের নাম শুক্রবার সকালের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।

সেইমতো শুক্রবার সকালেই বৈঠকে যারা বসবেন, সেই সমস্ত আধিকারিকদের নাম ও দিনক্ষণ জানানো হয় আদালতে। তারপরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আগামী ১৭ ডিসেম্বর বুধবার মেট্রো ভবনে বিকেল পাঁচটায় সব পক্ষকে আলোচনায় বসে ইতিবাচক সমাধান বার করার নির্দেশ দিলেন। আদালত জানিয়েছে, সদর্থক মনোভাব নিয়ে আলোচনা করতে হবে এবং জনস্বার্থের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে।
পরবর্তী শুনানি ১৯ ডিসেম্বর
আগামী ১৭ ডিসেম্বর বুধবার এই বৈঠকের পর আগামী ১৯ ডিসেম্বর শুক্রবার আবারও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। ওইদিন বৈঠকে গৃহীত সিদ্ধান্তের রিপোর্ট আদালতে জমা দিতে হবে। তা খতিয়ে দেখে আদালত প্রয়োজনীয় নির্দেশ দেবে বলে জানিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল।
নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো প্রজেক্টে আপাতত নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত চালু রয়েছে এই রুট। গত ফেব্রুয়ারি মাস থেকে চিংড়িহাটায় (Chingrighata Metro) এই প্রকল্পের কাজ আটকে রয়েছে। গোটা প্রকল্পের কাজ শেষ হয়ে গেলেও চিংড়িহাটায় মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ বাকি রয়েছে বলে পুরো রুটটি চালু করা যাচ্ছে না। গত নভেম্বর মাস থেকে প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা থাকলেও আরভিএনএল কর্তৃপক্ষের অভিযোগ, যান নিয়ন্ত্রণে রাজ্য ছাড়পত্র দিচ্ছে না। এই অভিযোগ তুলে আবারও আদালতের দৃষ্টি আকর্ষণ করে আরভিএনএল। তাই ইতিবাচক সমাধান সূত্র বার করতে সব পক্ষকে নিয়ে সদর্থক আলোচনায় বসার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।


