Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার আইপিএলের নিলামে ৩৫০ ক্রিকেটার। আবু ধাবিতে বসবে আসর। প্রতিযোগিতার ১০ দল মোট ৭৭ জন ক্রিকেটার কিনতে পারবে। তার জন্য নিলামে রয়েছে ৩৫০ ক্রিকেটারের নাম (IPL 2026)।
মিনি নিলামের খুঁটিনাটি (IPL 2026)
পরের মরশুমের আইপিএল যত সামনে আসছে ততই সেই নিয়ে চর্চা বাড়ছে। ২৪ ঘন্টা পরেই শুরু হবে আইপিএল-এর মিনি নিলাম। গত বারের মেগা নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল গুছিয়ে নিয়েছিল। এবার তাই শুধু ফাঁকা জায়গা ভরাটের পালা। মিনি নিলামের আগে প্রতিটি দল তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জানিয়ে দিয়েছে। মঙ্গলবার আবু ধাবিতে এবারের আসর বসবে। এই প্রতিযোগিতায় ১০ দল মোট ৭৭ জন ক্রিকেটার কিনতে পারবে (IPL 2026)।
নিলামে রয়েছে ৩৫০ ক্রিকেটার
৭৭টি জায়গার জন্য নিলামে রয়েছে ৩৫০ ক্রিকেটারদের নাম। এই ৩৫০ ক্রিকেটারের মধ্যে ভারতীয় দলে খেলা ১৬ জন ক্রিকেটার রয়েছেন। বিদেশের বিভিন্ন জাতীয় দলে খেলা ৯৬ জন ক্রিকেটার নামছেন নিলামে। এ ছাড়া ২২৪ জন ঘরোয়া ভারতীয় ক্রিকেটার ও ১৪ জন ঘরোয়া বিদেশি ক্রিকেটারদেরও নাম রয়েছে এই নিলামের তালিকায়।
কোন ক্যাটেগরিতে ক’জন ক্রিকেটার
এ বারের নিলামে মোট আটটি ক্যাটেগরিতে ন্যূনতম মূল্য ভাগ করা হয়েছে ক্রিকেটারদের । সবচেয়ে উপরের ক্যাটেগরিতে থাকা ক্রিকেটারদের ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছে ২ কোটি টাকা। এই ক্যাটেগরিতে রয়েছেন ৪০ জন ক্রিকেটার। দ্বিতীয় ক্যাটেগরিতে রয়েছেন ৯ জন ক্রিকেটার। এই ক্যাটেগরির ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছে ১ কোটি ৫০ লক্ষ। তৃতীয় থেকে অষ্টম ক্যাটেগরি পর্যন্ত ন্যূনতম মূল্য রাখা হয়েছে যথাক্রমে ১ কোটি ২৫ লক্ষ, ১ কোটি, ৭৫ লক্ষ, ৫০ লক্ষ, ৪০ লক্ষ ও ৩০ লক্ষ টাকা। তৃতীয় থেকে অষ্টম ক্যাটেগরিতে ক্রিকেটার রয়েছেন যথাক্রমে ৪, ১৭, ৪২, ৪, ৭ ও ২২৭ জন (IPL 2026)।
আরও পড়ুন: Pay Commission: ৮ম পে কমিশনের প্রস্তুতি: ব্যয় সংকোচের পথে ভারতীয় রেল
কোন দলের হাতে কত টাকা
আইপিএলের ১০ দলের কাছে মোট ২৩৭ কোটি ৫৫ লক্ষ টাকা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি টাকা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। নিলামে ৬৪ কোটি ৩০ লক্ষ টাকা নিয়ে মিনি নিলামে নামবে কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনিদের দল নিলামে নামবে ৪৩ কোটি ৪০ লক্ষ টাকা নিয়ে।
সানরাইজার্স হায়দরাবাদ ২৫ কোটি ৫০ লক্ষ, লখনউ সুপার জায়ান্টস ২২ কোটি ৯৫ লক্ষ, দিল্লি ক্যাপিটালস ২১ কোটি ৮০ লক্ষ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৬ কোটি ৪০ লক্ষ, রাজস্থান রয়্যালস ১৬ কোটি ৫ লক্ষ, গুজরাত টাইটান্স ১২ কোটি ৯০ লক্ষ ও পঞ্জাব কিংস ১১ কোটি ৫০ লক্ষ টাকা নিয়ে এই মিনি নিলামে অংশ নেবে। ২ কোটি ৭৫ লক্ষ টাকা নিয়ে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারের আইপিএল-এর খেতাব জয়ীরা মিনি নিলামে অংশ নেবে সবথেকে কম টাকা হাতে নিয়ে (IPL 2026)।


