Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ডিসেম্বরের মাঝামাঝি এসেও জাঁকিয়ে শীতের দেখা নেই বাংলায় (Weather Update)। পশ্চিমী ঝঞ্ঝার লাগাতার প্রভাবে খানিকটা হলেও ব্যাকফুটে চলে গিয়েছে শীত। ভোর ও রাতের দিকে ঠান্ডার আমেজ থাকলেও দিনের বেলা সেই অনুভূতি অনেকটাই ফিকে। বাঙালির শীত-বিলাসে বার বার বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এমনই মত আবহাওয়া বিশেষজ্ঞদের। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতে একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। পাশাপাশি পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীর অঞ্চলেও আরও একটি ঝঞ্ঝা সক্রিয়। এই দুই ঝঞ্ঝার সম্মিলিত প্রভাবেই উত্তর ভারত থেকে ঠান্ডা হাওয়া প্রবেশে বাধা পাচ্ছে পূর্ব ভারত, যার সরাসরি প্রভাব পড়ছে বাংলার আবহাওয়ায়।

বড়দিনে স্বস্তির ইঙ্গিত, নামতে পারে পারদ (Weather Update)
তবে বড়দিনের মুখে কিছুটা হলেও স্বস্তির খবর শোনাচ্ছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২৪ ডিসেম্বরের পর থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। ফলে ক্রিসমাসের সময় মনোরম আবহাওয়া উপভোগ করার সম্ভাবনা রয়েছে। যদিও তীব্র শীতের সম্ভাবনা এখনই নেই, তবে ঠান্ডার আমেজ বাড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update)
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। ভোরের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় কুয়াশার প্রভাব বেশি থাকবে। তবে দিনের বেলা আকাশ মূলত পরিষ্কার থাকবে।
কুয়াশার চাদরে ঢাকবে পাহাড়-সমতল (Weather Update)
উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার দাপট আরও বেশি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভোরের দিকে ঘন কুয়াশার কারণে পাহাড়ি এলাকায় দৃশ্যমানতা কমে যেতে পারে। তাপমাত্রার দিক থেকে উত্তরবঙ্গে বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। অন্যদিকে মালদা-সহ উত্তরবঙ্গের সমতল অঞ্চলে রাতের তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
আরও পড়ুন: Koel Mallick: দুর্ঘটনার কবলে কোয়েল মল্লিক! শুটিং সেটে ভয়ানক বিপত্তি
ঘন কুয়াশার সতর্কতা
দেশের একাধিক রাজ্যে কুয়াশার দাপট বাড়ছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, রাজধানী দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং মধ্যপ্রদেশে সকালের দিকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। পাশাপাশি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশেও কুয়াশার প্রভাব থাকবে। উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরাতেও ভোরের দিকে কুয়াশা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। এর ফলে যান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর।



